বিশ্বকাপে গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কাতারকে ৩-১ গোলে পরাজিত করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। এই জয়ে নকআউট পর্বে খেলার সম্ভাবনা আরো উজ্জ্বল করল তারা। অন্যদিকে কাতারের বিশ্বকাপ অভিযান গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বসনিয়া। মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখে তারা একের পর এক আক্রমণ সাজায়। এর ফলও আসে দ্রুতই, ২৯তম মিনিটে গোল করেন কেরিম আলাজবেগোভিচ।
ইভাব বেসিকের দেয়া বল ধরে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। গোল হজম করার পর কাতার কিছুটা চাপে পড়ে যায় ও মাত্র পাঁচ মিনিট পরই আরেকটি ধাক্কা খায়।
৩৪তম মিনিটে একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে কাতারের ডিফেন্ডার আলব্রাকে আত্মঘাতী গোল করে বসলে ব্যবধান দাঁড়ায় ২-০।
দুই গোল পিছিয়ে পড়লেও কাতার লড়াই ছেড়ে দেয়নি। প্রথমার্ধের ৪০তম মিনিটে অধিনায়ক হাসান আল-হাইদোস দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করে ব্যবধান কমান।
এই গোল কাতারকে ম্যাচে ফেরার আশা দেখালেও বিরতির পর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। কয়েকটি আক্রমণও তৈরি করলেও বসনিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি।
অন্যদিকে পাল্টা আক্রমণে বসনিয়া ছিল বেশ কার্যকর। ম্যাচের ৮০তম মিনিটে পেয়ে যায় পরের গোলটাও। এরমিন মাহমিচ গোল করে কাতারের প্রত্যাবর্তনের সব সম্ভাবনা শেষ করে দেন।
তার এই গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বসনিয়ার। এই জয়ের মাধ্যমে বসনিয়া গ্রুপ পর্ব শেষ করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে ও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর মাঝেই আছে।
অন্যদিক হতাশাজনক পারফরম্যান্সের কারণে কাতারের বিশ্বকাপ অভিযান গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে হচ্ছে তাদের।



