বৃহস্পতিবার মরক্কোর বিপক্ষে এক মহারণে মাঠে নেমে তৃতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে অভিযান শুরু করবে ফ্রান্স। এর মধ্য দিয়েই তারকাখচিত কোয়ার্টার-ফাইনাল পর্বের পর্দা উঠবে।
এক মাসব্যাপী রোমাঞ্চকর লড়াইয়ের পর যে আসর শুরুর আগে আকাশছোঁয়া টিকিটের দাম ও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা শঙ্কা ছিল- এখন পর্যন্ত অনুষ্ঠিত সবচেয়ে বড়, সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং আয়োজনের দিক থেকে সবচেয়ে জটিল বিশ্বকাপটি শেষ পর্যন্ত আটটি দলে সীমাবদ্ধ হয়েছে।
টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা ফ্রান্স এবার সম্ভবত তাদের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে তারা খেলবে বোস্টনের বাইরে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে।
লেস ব্লুজরা দারুণ ছন্দে শেষ আটে পৌঁছেছে। পাঁচ ম্যাচে তারা করেছে ১৪ গোল, যার মধ্যে সাতটিই এসেছে দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পা থেকে।
টুর্নামেন্ট শেষ পর্যায়ে পৌঁছানোর সাথে সাথে বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে শীর্ষে থাকা চার তারকা স্ট্রাইকারের একজন এমবাপ্পে।
গোলদাতাদের তালিকায় সবার ওপরে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, যার গোলসংখ্যা আট। এমবাপ্পে ও নরওযয়ের আর্লিং হলান্ড করেছেন সাতটি করে গোল, আর ইংল্যান্ডের হ্যারি কেনের গোল ছয়টি।
বৃহস্পতিবারের প্রথম কোয়ার্টার-ফাইনালটি ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। সেই ম্যাচে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে হারিয়েছিল। পরে অবশ্য ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হযয়েছিল ফরাসিরা।
অন্যদিকে, মরক্কোও শেষ আটে ওঠার পথে দারুণ ফুটবল খেলেছে। তারা সহজেই গ্রুপপর্ব পেরিয়ে শেষ ৩২-এ নেদারল্যান্ডসকে হারায় এবং গত সপ্তাহে শেষ ১৬-তে কানাডাকে অনায়াসে বিদায় করে।
কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে মরক্কো টেকনিক্যাল দক্ষতা, শারীরিক সামর্থ্য ও কৌশলগত বিচক্ষণতার সমন্বয়ে ফ্রান্সের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। গত বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরক্কোর চমকপ্রদ শিরোপা জয়ের নেপথ্য কারিগরও ছিলেন ওয়াহবি।
এই ম্যাচের বিজয়ী সেমিফাইনালে মুখোমুখি হবে শুক্রবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ইউরোপিয়ন চ্যাম্পিয়ন স্পেন ও বেলজিয়ামের ম্যাচের বিজয়ীর।
স্পেন সোমবার শেষ ১৬-তে ক্রিস্টিনো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে। ফ্রান্সের মতো এতটা বিধ্বংসী আাক্রমণাত্মক ফুটবল না খেললেও, টুর্নামেন্টের সাথে সাথে ছন্দ ফিরে পাওয়া বেলজিয়ামকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী থাকবে ‘লা রোহা’।
বেলজিয়াম অবশ্য গ্রুপপর্বে প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ ড্র করে কিছুটা হোঁচট খেয়েছিল। পরে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে।
শেষ ৩২-এ তারা চার মিনিট বাকি থাকতে ২-০ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে সেনেগালকে ৩-২ গোলে হারায়। এরপর সোমবার সিয়টলে নিজেদের সম্ভবত সেরা পারফরম্যান্স দেখিয়ে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে।
ড্রয়ের অন্য অংশে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শনিবার কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। তবে কোয়ার্টার-ফাইনালে উঠতে বেশ কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাদের।
১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে থাকা দক্ষিণ আমেরিকানরা শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জিতে অল্পের জন্য রক্ষা পায়।
এরপর মঙ্গলবার আটলান্টায় মেসির অনুপ্রেরণায় মিসরের বিপক্ষে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষ হতে ১১ মিনিট বাকি থাকতে তারা ২-০ গোলে পিছিয়ে ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক মেসি বলেন, ‘আমরা টুর্নামেন্টে টিকে থাকতে চেয়েছিলাম। আজই আমাদের যাত্রা শেষ হোক, আমরা তা চাইনি। আমরা বাড়ি ফিরতে চাইনি।’
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল আগামী সপ্তাহে আটলান্টায় সেমিফাইনালে খেলবে নরওয়ে অথবা ইংল্যান্ডের বিপক্ষে।
রোববার মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে ইংল্যান্ড শেষ আট নিশ্চিত করে। নাটকীয় ঘটনায় ভরা সেই ম্যাচ ‘থ্রি লায়ন্স’-কে ১৯৬৬ সালের পর প্রথম বড় কোনো শিরোপা জয়ের স্বপ্নে নতুন করে বিশ্বাস জুগিয়েছে।
ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম মনে করেন, এই জয় প্রমাণ করেছে যে তার দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে। তিনি চান সতীর্থরাও একই আত্মবিশ্বাস ধারণ করুক।
বেলিংহাম বলেন, ‘আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আশা করি, এমন একটি জয় সবাইকে একই বিশ্বাস দেবে যে আমরা শীর্ষমানের খেলোয়াড় এবং আমাদের কাউকেই ভয় পাওয়ার প্রয়োজন নেই।’
দুরন্ত ইংল্যান্ডের পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে উড়ন্ত নরওয়ে, যার আক্রমণের নেতৃত্বে রয়েছেন দুর্দমনীয় আর্লিং হলান্ড। তিনি রোববার শেষ ১৬-তে ব্রাজিলের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলই করেছিলেন।
নরওয়ের কোচ স্টলে সোলবাক্কেন বলেন, ‘আমাদের ইংল্যান্ডকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। অবশ্যই আমরা টুর্নামেন্টে তাদের আগের ম্যাচগুলো দেখেছি। তারা খুবই শক্তিশালী প্রতিপক্ষ। তবে আশা করি ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই হবে।’



