আর্জেন্টিনার সমর্থকদের জন্য দুঃসংবাদ

আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

নয়া দিগন্ত অনলাইন

বিশ্বকাপ চলাকালীনই দুঃসংবাদ পেলেন আর্জেন্টিনার সমর্থকরা। ডান ঊরুর পেশির ইনজুরির কারণে বিশ্বকাপে ‘জে’ গ্রুপে অস্ট্রিয়ার বিপক্ষে আগামী ম্যাচ খেলতে পারছেন না আর্জেন্টিনা ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল।

ইনজুরির কারণে গত দু’দিন পুরো সেশন অনুশীলন করতে পারেননি মন্তিয়েল। সময় কাটিয়েছেন জিমে, চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার পর মন্তিয়েলের পেশিতে সমস্যা দেখা যায়। এতে অস্ট্রিয়া ম্যাচ থেকে ছিটকে যান তিনি।

মন্তিয়েলের পরিবর্তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা একাদশে সুযোগ পেতে পারেন নাহুয়েল মলিনা।

গ্রুপ পর্বে শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচের আগে দুটি অনুশীলন সেশনে অংশ নিতে পারেন মন্তিয়েল। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে সেরে উঠতে এক সপ্তাহ সময় পাচ্ছেন তিনি।

লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন মন্তিয়েল।

আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা।