ফুটবলে টাইব্রেকার মানেই এক ভিন্ন উত্তেজনা! পুরো ম্যাচ সমতায় কাটানোর পর জয় নির্ধারণের একমাত্র মাধ্যম এটি। তখন এক একটি পেনাল্টি যেন এক একটি জীবন। আর গোলকিপারদের সামনে থাকে তাদের জাত চেনানোর সবথেকে বড় সুযোগ। বাঁচা-মরার লড়াইয়ে কে জিতবে তা দর্শকদের শ্বাসরুদ্ধ করে রাখে। তবে এবার ফুটবল বিশ্বকাপের মাঝেই কথা উঠছে টাইব্রেকার নিয়ে বড় পরিবর্তনের।
কী সেই পরিবর্তন?
ফুটবল খেলার আইনপ্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) অনুমোদনের অপেক্ষায় থাকা নতুন নিয়ম অনুযায়ী, টাইব্রেকারের আগে দু’টির পরিবর্তে মাত্র একটি টস হবে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
কিন্তু প্রশ্ন হলো বিশ্বকাপের মাঝপথে কেন এই নতুন নিয়ম এবং এতে কেউ বাড়তি সুবিধা পাবে না তো?
মূলত খেলায় সমতা ও স্বচ্ছতা আনার জন্য এই নতুন নিয়ম। এজন্য প্রথমে বর্তমান নিয়ম বলে রাখা ভালো।
আইএফএবি’র নিয়ম অনুযায়ী টাইব্রেকার শুরু হওয়ার আগে রেফারি দু’দলের অধিনায়কদের নিয়ে দু’টি আলাদা কয়েন দিয়ে টস করেন। একটি টসে ঠিক হয় কোন প্রান্তে পেনাল্টি নেয়া হবে, আর অন্য টসে নির্ধারিত হয় কোন দল প্রথম শট নেবে।
ফিফার মতে, এতে কোনো কোনো দল একসাথে দু’টি সুবিধাই পেয়ে যেতে পারে। অর্থাৎ একটি দল যদি দু’টি টসেই জিতে যায়, তাহলে তারা প্রথম শট নেয়ার পাশাপাশি নিজেদের পছন্দের প্রান্তও বেছে নিতে পারে। এতে প্রতিপক্ষ তুলনামূলকভাবে কিছুটা অসুবিধায় পড়ে।
নতুন প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে দু’টি নয়, মাত্র একটি কয়েন টস হবে। সেই টসে জয়ী অধিনায়ক দু’টি সুবিধার মধ্যে একটি বেছে নিতে পারবেন। তিনি চাইলে প্রথম শট নেয়ার অধিকার নেবেন অথবা কোন প্রান্তে টাইব্রেকার হবে তা নির্ধারণ করবেন। অন্য সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে পাবে প্রতিপক্ষ দল।
এটা এখনো স্পষ্ট নয়, প্রস্তাবটি অনুমোদিত হলে সেটি অন্য ফুটবল প্রতিযোগিতাগুলোতে বাস্তবায়ন করা হবে, নাকি বিষয়টি টুর্নামেন্ট আয়োজকের বিবেচনার ওপর ছেড়ে দেয়া হবে।
যদি ২৮ জুন নকআউট পর্ব শুরু হওয়ার আগে সময়মতো নিয়মটি গৃহীত করতে হয়, তাহলে আইএফএবি-কে তার আগেই প্রস্তাবটি অনুমোদন করতে হবে।



