শিরোপা জিততে অহংকার পেছনে ফেলতে হবে : ব্রাজিলিয়ান গোলকিপার

‘অহংকার আর অহমিকা পেছনে ফেলে রেখে সবার একই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমরা এমন একদল খেলোয়াড়, যারা ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে নিজেদের নাম লিখতে সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত।’

নয়া দিগন্ত অনলাইন
ব্রাজিলের গোলকিপার ওয়েভারতন
ব্রাজিলের গোলকিপার ওয়েভারতন |সংগৃহীত

ব্রাজিলের গোলকিপার ওয়েভারতন বলেছেন, বিশ্বকাপ জিততে হলে দলকে ব্যক্তিগত অহংকার ও অহমিকা পেছনে ফেলে একসাথে লক্ষ্য অর্জনের পথে এগোতে হবে।

তিনি বলেন, পুরো দলের দায়বদ্ধতা ও ঐক্যই সাফল্যের মূল চাবিকাঠি।

ওয়েভারতন বলেন, ‘অহংকার আর অহমিকা পেছনে ফেলে রেখে সবার একই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমরা এমন একদল খেলোয়াড়, যারা ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে নিজেদের নাম লিখতে সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত।’

গত বিশ্বকাপেও ব্রাজিল দলে ছিলেন এই গোলকিপার। তবে নতুন কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেয়ার পর জাতীয় দলে ডাক না পাওয়ায় এবারের স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তায় ছিলেন তিনি।

শেষ পর্যন্ত দলে সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওয়েভারতন বলেন, ‘গত কয়েকটা দিন আমার জন্য খুবই বিশেষ ছিল। আমি কৃতজ্ঞ সেই মানুষদের প্রতি, যারা আমাকে এতদূর আসতে সাহায্য করেছেন।’

আলিসন ও এদারসনের সাথে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ওয়েভারতন। মূল একাদশে জায়গা না পেলেও তিন গোলকিপারের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ খুব ভালো বলে জানান তিনি।

ওয়েভারতনের ভাষায়, ‘আমরা জানি কেবল একজনই খেলার সুযোগ পাবে। কিন্তু প্রতিদিন আমরা একে অপরকে অনুপ্রাণিত করি, যেন সবাই সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারে।’