মেসিকে ‘ঘুম পাড়ানোর’ ঘোষণা সাবেক ইংলিশ তারকার

সাবেক ডিফেন্ডার মাইকা রিচার্ডস মনে করেন, আর্জেন্টিনাকে হারাতে হলে ইংল্যান্ডকে নিজেদের সেরাটারও বেশি খেলতে হবে। তার মতে, আর্জেন্টিনার খেলোয়াড়রা ধূর্ত, লড়াকু ও জয়ের মানসিকতায় ভরপুর।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক ইংলিশ তারকা জো কোল ও লিওনেল মেসি
সাবেক ইংলিশ তারকা জো কোল ও লিওনেল মেসি |ইন্টারনেট

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর ইংল্যান্ড। তবে সেই আত্মবিশ্বাসের মাত্রা যেন একটু বেশিই দেখালেন সাবেক ইংলিশ তারকা জো কোল। লিওনেল মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ ফাইনালে ওঠার ঘোষণা দিয়েছেন তিনি।

নেটফ্লিক্স স্পোর্টসের এক আলোচনায় গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মাইকা রিচার্ডসের সাথে আলাপকালে কোল বলেন, ‘হ্যাঁ, আমাদের তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়াতে যাচ্ছি। শতভাগ নিশ্চিত।’

কোলের এমন মন্তব্যের সাথে অবশ্য একমত হতে পারেননি অনুষ্ঠানে থাকা অন্যরা। তাদের আশঙ্কা, মেসি আবারো নিজের জাদু দেখিয়ে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে দিতে পারেন। তখন কোল আরো দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপের ফাইনালে যেতে যাচ্ছি।’

অন্যদিকে, সাবেক ডিফেন্ডার মাইকা রিচার্ডস মনে করেন, আর্জেন্টিনাকে হারাতে হলে ইংল্যান্ডকে নিজেদের সেরাটারও বেশি খেলতে হবে। তার মতে, আর্জেন্টিনার খেলোয়াড়রা ধূর্ত, লড়াকু ও জয়ের মানসিকতায় ভরপুর।

তবে থমাস টুখেলের দলের গতির ওপর ভরসা রেখে তিনি বলেন, ‘আমাদের যথেষ্ট গতি আছে। আমি অনুভব করছি, আমরা ওদের হারাতে পারব।’

মজার বিষয় হলো, মেসিকে নিয়ে জো কোলের এই কঠোর মন্তব্য তার আগের অবস্থানের সাথে একেবারেই ভিন্ন। এর আগে একাধিকবার তিনি প্রকাশ্যে মেসিকে সর্বকালের সেরা বলে উল্লেখ করেছেন।

বিশ্বকাপ শুরুর আগেও কোল বলেছিলেন, আমার মনে হয় ক্রিশ্চিয়ানো রোনালদো রাতে ঘুমাতে যাওয়ার সময় ভাবেন, ‘ইস, আমি যদি মেসির মতো ভালো হতাম।’ মেসিই একমাত্র ফুটবলার, যে সবকিছু অর্জন করেছে।

অন্যদিকে আর্জেন্টিনাকে নিয়ে মন্তব্য করেছেন ইংল্যান্ডের আরেক সাবেক তারকা গ্যারি নেভিলও। তিনি মেসিকে নয়, বরং আর্জেন্টিনার দুই সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজকে নিয়েই বিশ্লেষণ করেছেন।

নেভিল বলেন, ‘রোমেরো ও মার্টিনেজকে দেখে কখনো মনে হয়, তারা ভুল করে গোল উপহার দেবে। আবার পরের মুহূর্তেই তারা সব হেড জিতে নেয়, গোল করে ও অসাধারণ খেলতে শুরু করে। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালেই যেন তাদের মাঝে অন্যরকম কিছু কাজ করে।’

স্কাই বেটের এই ধারাভাষ্যকার আরো বলেন, আমি ওদেরকে বিশ্বের ‘সেরা-বাজে’ সেন্টার-ব্যাক জুটি বলি। কারণ এক মুহূর্তে তারা অসাধারণ, আর পরের মুহূর্তেই অবিশ্বাস্য রকমের ভুল করতে পারে।

আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই পরাশক্তির এই লড়াইয়ের আগে কথার লড়াইও জমে ওঠেছে সমান তালে।