চিলির ক্লাবে যোগ দিচ্ছেন কেপ ভার্দের ভোজিনহা

জোসিমার দিয়াস, যিনি ভোজিনহা নামে বেশি পরিচিত, আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে বিশ্বকাপে দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু রাউন্ড অফ ৩২-এ অতিরিক্ত সময়ে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে যান তারা।

নয়া দিগন্ত অনলাইন
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা |ফাইল ছবি

বিশ্বকাপের অন্যতম উদীয়মান তারকা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা চিলির বৃহত্তম ফুটবল ক্লাব কোলো কোলোর সাথে চুক্তি স্বাক্ষর করেছেন।

চূড়ান্ত চ্যাম্পিয়ন স্পেন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শীর্ষ দলগুলোর বিপক্ষে একের পর এক অসাধারণ গোল সেভ করে ৪০ বছর বয়সী ভোজিনহা বিশ্বকাপের অন্যতম আলোচিত খেলোয়াড়ে পরিণত হন।

শুক্রবার ক্লাবটি তাদের সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্টে লিখে, ‘স্বাগতম। আমরা আপনার জন্য অপেক্ষা করছি।’ যা শুধু কোলো কোলো সমর্থকদের মধ্যেই নয়, পুরো চিলি জুড়ে ছড়িয়ে পড়ে।

চিলির ক্লাবটির ব্যবস্থাপক সংস্থা ব্লাঙ্কো ই নেগ্রোর সভাপতি আনিবাল মোসা নিশ্চিত করেন, বিশ্বকাপের সময় কোনো দলের সাথে চুক্তি না থাকা ভোজিনহা শীঘ্রই চিলিতে পৌঁছাবেন।

তিনি বলেন, ‘ভোজিনহা কোলো কোলোর খেলোয়াড় হতে চলেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে আসবেন, প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করাবেন এবং তারপর এখানে এস্তাদিও মনুমেন্তালে তাকে পরিচয় করিয়ে দেয়া হবে।’

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তিটি ১৮ মাসের ছিল।

জোসিমার দিয়াস, যিনি ভোজিনহা নামে বেশি পরিচিত, আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে বিশ্বকাপে দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু রাউন্ড অফ ৩২-এ অতিরিক্ত সময়ে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে যান তারা।

বিশ্বকাপে ভোজিনহার উপস্থিতি ও প্রচারের ফলে তার সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ার সংখ্যা ৫০ হাজারের কিছু কম থেকে বেড়ে প্রায় ২৯ মিলিয়নে দাঁড়িয়েছে।

সূত্র: এপি