ভিসা জটিলতায় বিশ্বকাপের মঞ্চে দায়িত্ব পালনের স্বপ্ন পূরণ হয়নি। তবে সেই হতাশার পরই বড় স্বীকৃতি পেতে যাচ্ছেন সোমালিয়ার রেফারি ওমর আবদুল কাদির আরতান। আফ্রিকার অন্যতম প্রতিভাবান এই রেফারিকে বড় দায়িত্ব দিচ্ছে উয়েফা।
ওমর আবদুল কাদির আরতানকে আগামী ১২ আগস্ট চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপ পরিচালনার দায়িত্ব দিয়েছে উয়েফা।
যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় ২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে পারেননি ওমর। অথচ বিশ্বকাপের জন্য নির্বাচিত রেফারিদের তালিকায় ছিলেন তিনি। সেই সুযোগ হারানোর পর বিশ্বজুড়ে আলোচনা শুরু হয় তাকে নিয়ে।
তবে সেই সব পেছনে ফেলে নতুন করে সব শুরু করতে যাচ্ছেন ওমর আব্দুল কাদির। তার দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়েই উয়েফা সুপার কাপের মতো মর্যাদাপূর্ণ ম্যাচে দায়িত্ব দেয়া হয়েছে তাকে।
উয়েফা জানিয়েছে, সিএএফ ও উয়েফার সমন্বয়ের মাধ্যমে ওমরকে এই ম্যাচের জন্য বেছে নেয়া হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তার সাম্প্রতিক পারফরম্যান্স, আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা ও ধারাবাহিকতাকে গুরুত্ব দিয়েছে।
আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা। ম্যাচটিতে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৩৪ বছর বয়সী ওমর।
বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হলেও এবার ইউরোপের মৌসুম শুরুর অন্যতম মর্যাদাপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করে নিজের যোগ্যতার প্রমাণ দেয়ার সুযোগ পাচ্ছেন সোমালিয়ার এই রেফারি।



