জটিল সমীকরণে আটকা বাংলাদেশের ভাগ্য। প্রথম দুই ম্যাচেই হারায় কঠিন হয়ে গেছে এশিয়ান কাপের পরের রাউন্ডে যাওয়ার পথ। শেষ ম্যাচটা তাই হয়ে উঠেছে ডু অর ডাই।
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মঙ্গলবার ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের জাতীয় স্টেডিয়ানে সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা।
এশিয়ান কাপে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-২ ও সাবেক চ্যাম্পিয়ন চীনের ২-০ গোলে হেরে যায় তারা।
নিজেদের প্রথম দুই ম্যাচেই হারায় খানিকটা চাপে আছে বাংলাদেশ। তবে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা এখনো বন্ধ হয়ে যায়নি। তারপরও বাংলাদেশের জন্য আশার আলো জ্বলছে।
তিন গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থাকলেই পরের রাউন্ডে যেতে পারবে লাল-সবুজের মেয়েরা। সেই জন্য আজ ভিয়েতনামের বিপক্ষে জয়টা খুব বেশি প্রয়োজন।
তৃতীয় হওয়ার দৌঁড়ে থাকা দলগুলোর মাঝে গোল ব্যবধানে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। উজবেকিস্তান (-৮) ও চাইনিজ তাইপের (-৭) ও বাংলাদেশের গোল পার্থক্য (-৩)।
জিততে হলে গোলের বিকল্প নেই। এ পর্যন্ত ৫ গোল হজম করে মাত্র ২টি গোল করেছে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ২টি গোলই করেছেন সাগরিকা। আজও তার দিকেই চেয়ে থাকবেন সমর্থকেরা।
ইতিহাস গড়ার এই হাতছানি সামনে রেখে সোমবার জোর প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। চীনের বিপক্ষে ম্যাচের পর এক দিনের বিশ্রাম শেষে শিষ্যদের অনুশীলনে ফিরিয়েছেন সহকারী কোচ আবুল হোসেন।
খেলোয়াড়দের আত্মবিশ্বাসে দারুণ সন্তুষ্ট তিনি। কোচ আবুল হোসেন জানান, ‘ম্যাচের কৌশল অনুযায়ী মেয়েদের প্রস্তুত করা হয়েছে। তারা জানে যে মাঠে সেরাটা নিংড়ে দিতে হবে। ম্যাচ বাই ম্যাচ দলের উন্নতি হচ্ছে এবং মাঠে তাদের নিবেদন ছিল চোখে পড়ার মতো। জয় তুলে নিয়ে পরের ধাপে যাওয়ার ব্যাপারে আমরা দারুণ আশাবাদী।’


