লিভারপুলকে বিদায় জানালেন সালাহ

সালাহর হাত ধরে লিভারপুল জিতেছে দু’টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, ইউয়েফা সুপার কাপ, এফএ কাপ, দু’টি ইএফএল কাপ ও কমিউনিটি শিল্ড শিরোপা।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ সালাহ
মোহাম্মদ সালাহ |ইন্টারনেট

মোহাম্মদ সালাহর অ্যানফিল্ড ছাড়ার গুঞ্জন ফুটবল পাড়ায় রটেছিল আগেই। শেষ পর্যন্ত হলোও তাই। লিভারপুলের সাথে দীর্ঘ নয় বছরের সম্পর্কচ্ছেদ হয়েছে সালাহর।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তায় এই মিসরীয় তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৭ সালের জুনে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত এক নাম। গড়েন দারুণ সব কীর্তি।

তবে গত কয়েকমাস ধরে ক্লাবটার সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না তার। গত ডিসেম্বরে টানা তিন ম্যাচে একাদশের বাইরে ছিলেন সালাহ। যার জেরে জানুয়ারিতে ক্লাব ছাড়ার পরিস্থিতিও তৈরি হয়।

তবে শীতকালীন বিরতি থেকে ফেরার পর আবারো নিয়মিত একাদশে সুযোগ পান তিনি। এমনকি গত বছরের এপ্রিলে ইংলিশ ক্লাবটির সাথে দুই বছরের নতুন চুক্তি করেন।

তবে সেই চুক্তি আর পূরণ হচ্ছে না। ক্লাবের সাথে সমঝোতার ভিত্তিতে ফ্রি অ্যাজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন ‘মিসরীয় রাজা’। তবে এখনই নয়, সালাহ লিভারপুলের জার্সি তুলে রাখবেন এই মৌসুম শেষে।

এই প্রসঙ্গে এক ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সেই দিনটি চলে এসেছে, এটি আমার বিদায়ের প্রথম পর্ব। এই মৌসুম শেষে আমি লিভারপুল ছাড়ব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর শুরুতেই দেখানো হয় সালাহর বর্ণাঢ্য পথচলার ঝলক। দেখানো হয় রেড ডেভিলদের হয়ে তার ট্রফি জয়ের স্মরণীয় মুহূর্তগুলো।

এরপর তিনি বলতে থাকেন, ‘শুরুটা করতে চাই এই বলে যে এ ক্লাবটি হৃদয়ের কতটা গভীরে স্থান নিয়েছিল, তা কখনো কল্পনা করিনি। এই শহর, এখানকার মানুষ আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল।’

‘লিভারপুল কেবল একটি ক্লাবই নয়, এটি আবেগের নাম। এর ইতিহাস রয়েছে। এমন স্পৃহা আছে যা ক্লাবের অংশ নয়, এমন কারো কাছে শব্দে বর্ণনা করে শেষ হবে না।’

সেই সাথে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান সালাহ। ‘যারা আমার ক্যারিয়ারের সেরা সময়টায় পাশে ছিলেন, কঠিন সময়েও দাঁড়িয়ে ছিলেন। এটি এমন বিষয় যা আমি কখনো ভুলব না এবং আমার সাথে সবসময়ই থেকে যাবে।’

‘বিদায় বলাটা সহজ নয়। আপনারা আমার জীবনের সবচেয়ে সেরা সময়গুলো দিয়েছেন, সবসময় আপনাদের একজন হয়ে থাকব। ক্লাবটি সবসময় আমার বাড়ি ও আমার কাছে পরিবার হয়ে থাকবে। সবকিছুর জন্য কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, লিভারপুলের হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করেছেন সালাহ। ক্লাবের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এই মিসরীয় তারকা।

সালাহর হাত ধরে লিভারপুল জিতেছে দু’টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, ইউয়েফা সুপার কাপ, এফএ কাপ, দু’টি ইএফএল কাপ ও কমিউনিটি শিল্ড শিরোপা।

ব্যক্তিগত অর্জনে চারবার জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট ও তিনবার (২০১৮, ২০২২ ও ২০২৫) হয়েছেন পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ার।

এসব অর্জনের মধ্য দিয়েই প্রিমিয়ার লিগের মঞ্চে তিনি নিজেকে এক কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যা ভিডিও বার্তাটির সূচনাতেই স্পষ্টভাবে ফুটে ওঠে।