২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে ঘোষিত দলে জায়গা হয়নি বিশ্বকাপজয়ী তারকা পাওলো দিবালার। এমনকি ৫৫ সদস্যের প্রাথমিক তালিকাতেও ছিলেন না তিনি। বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বিস্ময় ও আলোচনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কালোনি দিবালাকে বাদ দেয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, দিবালা এখনো একজন অসাধারণ মানের ফুটবলার এবং ক্লাব ফুটবলে দারুণভাবে ফিরে এসেছেন। তার পারফরম্যান্সে ইতালিয়ান ক্লাব এএস রোমা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন আর্জেন্টাইন কোচ।
তবে স্কালোনির মতে, বর্তমানে জাতীয় দলে জায়গার প্রতিযোগিতা অনেক বেশি। নতুন প্রজন্মের কয়েকজন ফুটবলার নিজেদের অবস্থান শক্ত করে ফেলেছেন। বিশেষ করে তরুণ মিডফিল্ডার নিকো পাজ সুযোগ কাজে লাগিয়ে কোচিং স্টাফের আস্থা অর্জন করেছেন।
স্কালোনি আরো বলেন, ‘তরুণরা উঠে আসছে, অনেকেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। তারা সুযোগ পাওয়ার যোগ্য। তাই আমরা অন্যদের নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
দিবালার দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকাও বড় একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। সবশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে দলে ডাক পেলেও মাঠে ছিলেন মাত্র ১৬ মিনিট। এরপর আর কোনো আন্তর্জাতিক উইন্ডোতে তাকে দলে দেখা যায়নি।
বর্তমানে ৩২ বছর বয়সী দিবালাকে বাদ দেয়ার পেছনে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, তার মান নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা তাকে ভালোবাসি। সে অসাধারণ একজন মানুষ। কিন্তু আমাদের বর্তমান ও ভবিষ্যৎ-দুই দিকই ভাবতে হয়।
উল্লেখ্য, ২০২৫-২৬ মৌসুমটিও দিবালার জন্য সহজ ছিল না। নতুন কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির কৌশলের সাথে মানিয়ে নেয়া এবং হাঁটুর অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি।
তবে মৌসুমের শেষদিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান এই ফরোয়ার্ড। শেষ তিন ম্যাচে চারটি গোলে সহায়তা করে রোমাকে টানা পাঁচ জয়ের পথে রাখেন এবং দলকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।



