বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে রোববার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ৭২ বছর পর শেষ আটে জায়গা পাওয়া সুইজারল্যান্ড। দুই দলের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে।
কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য রেফারিং প্যানেল ঘোষণা করেছে ফিফা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের দায়িত্ব পেয়েছেন পর্তুগালের জোয়াও পিনহেইরো। যাকে নিয়ে ফুটবল পাড়ায় আছে আলোচনা-সমালোচনা।
ফিফার ঘোষণা অনুযায়ী ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ। সহকারী রেফারি থাকবেন তারই স্বদেশী ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার।
ক্যারিয়ারে ৪২১টি ম্যাচ পরিচালনা করেছেন পিনহেইরো। এ সময়ে তিনি ১ হাজার ৮৮৬টি হলুদ কার্ড ও ১৩৯টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে প্রায় ৪.৫টি হলুদ কার্ড দেখানোর রেকর্ড রয়েছে তার।
তবে এবারই প্রথম বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন এই পর্তুগিজ রেফারি। গ্রুপ পর্বে সুইজারল্যান্ড–বসনিয়া ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। সেই ম্যাচে সুইসরা ৪-১ গোলে জয় পায়।
এ ছাড়া শেষ ষোলোতে কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও দায়িত্ব পালন করেন তিনি। তবে চলতি বিশ্বকাপে এবারই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন পিনহেইরো।
২০১৫ সালে পর্তুগিজ প্রিমেইরা লিগে রেফারিং শুরু করেন পিনহেইরো। এক বছর পর আন্তর্জাতিক তালিকাভুক্ত হন। এরপর থেকে নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও অন্যান্য টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
তবে অভিজ্ঞতার পাশাপাশি বিতর্কও রয়েছে তার ক্যারিয়ারে। গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও পিএসজির সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে একটি সম্ভাব্য পেনাল্টি না দেয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
বায়ার্নের খেলোয়াড়দের দাবি ছিল, পিএসজির জোয়াও নেভেসের হাতে বল লাগলেও পেনাল্টি দেয়া হয়নি। ভিএআর থেকেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান আসেনি, যা নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেছিল জার্মান ক্লাবটি।
বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই আর্জেন্টিনা–সুইজারল্যান্ডের এই গুরুত্বপূর্ণ ম্যাচে জোয়াও পিনহেইরো ও তার রেফারিং দলও থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।



