সাফ নারী ফুটবলে বাংলাদেশের গ্রুপে ভারত-মালদ্বীপ

বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে ভারত ও মালদ্বীপের বিপক্ষে খেলবে, যা ২৫ মে ও ৭ জুন ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। গ্রুপ থেকে শীর্ষ দু’দল সেমিফাইনালে উঠবে; বাংলাদেশ টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে গ্রুপ-বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। আগামী ২৫ মে থেকে ৭ জুন ভারতের গোয়ায় এবারের আসর অনুষ্ঠিত হবে।

আজ বুধবার ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়।

ড্র অনুযায়ী ‘এ’ গ্রুপের দলগুলো হলো নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। প্রতি গ্রুপের শীর্ষ দু’দল সেমিফাইনালে খেলবে।

২০১৬ সালে পশ্চিম বাংলার শিলিগুরির পর এনিয়ে দ্বিতীয়বারের মত ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ।

গত ২১ এপ্রিল ফিফা প্রকাশিত সর্বশেষ নারী বিশ্ব র‌্যাঙ্কিং অনুযায়ী সাফ নারী চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ভারত (৬৯তম) ও নেপাল (৮৭তম) পট ১’এ, বাংলাদেশ (১১২তম) ও শ্রীলঙ্কা (১৬২তম) পট ২’এ এবং ভুটান (১৬৪তম) ও মালদ্বীপ (১৬৭তম) ছিল পট ৩’এ।

২০২২ ও ২০২৪ সালে অনুষ্ঠিত সর্বশেষ দু’টি আসরে শিরোপা জয় করেছে বাংলাদেশ। ভারত রেকর্ড পাঁচবার এই শিরোপা জয় করেছে- ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে।

সাফ নারী চ্যাম্পিয়নশীপের ড্র
গ্রুপ-এ : নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান
গ্রুপ-বি : ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ

সূত্র : বাসস