প্রধান কোচের পদ থেকে আলফাজকে সরিয়ে দিলো মোহামেডান

আলফাজের বদলে সহকারী কোচ আব্দুল কায়ূম সেন্টুকে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেয়ার কথা জানানো হয়েছে। আর ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে দেয়া হয়েছে টিম লিডারের দায়িত্ব।

নয়া দিগন্ত অনলাইন
আলফাজ আহমদ
আলফাজ আহমদ |ইন্টারনেট

দলের মলিন পারফরম্যান্সের মূল্য চুকাতে হলো মোহামেডান কোচ আলফাজ আহমদকে। মৌসুমের মাঝপথেই সাদাকালো জার্সিধারীদের ডাগআউট ছাড়তে হলো তাকে। গত মৌসুমে যেখানে তার হাত ধরে এসেছিল ঐতিহাসিক সাফল্য, এবার সেখানে বিবর্ণ মোহামেডান।

আলফাজের হাত ধরে ২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জিতে মোহামেডান। ২০০৭ সালে পেশাদার লিগ নামকরণের পর এটিই ছিল লিগে দলটির প্রথম সাফল্য।

এর আগে, ২০২২-২৩ মৌসুমের ফেডারেশন কাপের শিরোপাও মোহামেডান জিতে আলফাজের অধীনে। ফলে আলফাজ হয়ে উঠেছিলেন দলটার প্রাণভোমরা।

কিন্তু চলতি মৌসুমে শুরু থেকেই উল্টোপথে মোহামেডান। লিগে যাচ্ছেতাই অবস্থা দলটির। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে তারা আছে সপ্তম স্থানে।

আসরে মাত্র দু’টিতে জিতেছে তারা। এদিকে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব পার হওয়া নিয়েও শঙ্কায় আছে মোহামেডান। ‘বি’ গ্রুপে মাত্র ৫ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে আছে চতুর্থ স্থানে।

এমন পরিস্থিতিতে এক বিজ্ঞপ্তিতে রোববার আলফাজকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে মোহামেডান। পরিচালক মো: মোস্তাকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আলফাজের বদলে সহকারী কোচ আব্দুল কায়ূম সেন্টুকে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেয়ার কথা জানানো হয়েছে। আর ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে দেয়া হয়েছে টিম লিডারের দায়িত্ব।

উল্লেখ্য, ২০২১ সালে মোহামেডানে সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন আলফাজ। সেই সময়কার প্রধান কোচ শফিকুল ইসলাম মানিক ২০২৩ সালে বিদায় নিলে তিনি প্রধান কোচের দায়িত্ব পান।