ওল্ড ট্র্যাফোর্ড দুর্গ জয়, ৪৫ বছরের অপেক্ষা ঘোচালো লিডস

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ২ গোল আদায় করে নেয় লিডস। ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি এরিয়ায় বল পেয়ে নোয়া ওকাফোর লিডসকে এগিয়ে দেন।

নয়া দিগন্ত অনলাইন
বল দখলের লড়াইয়ে খেলোয়াড়রা
বল দখলের লড়াইয়ে খেলোয়াড়রা |নয়া দিগন্ত

শেষবার ১৯৮১ সালে লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জয় পেয়েছিল লিডস ইউনাইটেড। এরপর পেরিয়ে গেছে ৪৫ বছর। এই দীর্ঘ সময়ে ম্যানইউকে হারাতে পারেনি লিডস। অবশেষে সেই আক্ষেপ ঘোচাল চলতি মৌসুমে অবনমনের শঙ্কায় থাকা দলটি। ফর্মের তুঙ্গে থাকা রেড ডেবিলদের তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পেল লিডস।

সোমবার (১৩ এপ্রিল) ওল্ড ট্র্যাফোর্ড দুর্গ জয় করে অবনমন অঞ্চল থেকে কিছুটা নিরাপদে এখন লিডস। ৩২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে তারা। ৫৫ পয়েন্ট নিয়ে তিনে ম্যানইউ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ২ গোল আদায় করে নেয় লিডস। ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি এরিয়ায় বল পেয়ে নোয়া ওকাফোর লিডসকে এগিয়ে দেন। ম্যাচের বয়স ৩০ মিনিট হওয়ার আগে আবার গোল করেন সুইস ফরোয়ার্ড। সতীর্থ আরনসন হেডে বল পাঠালে তা আয়ত্বে নিয়ে দারুণ এক গোল করেন ওকাফোর। ২-০ তে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনে পরিণত হয় স্বাগতিকেরা। লিসান্দ্রো মার্টিনেজ একজনের চুল ধরে টানলে ভিএআর-এর সহায়তায় লাল কার্ড দেখানো হয় এই আর্জেন্টাইনকে। এর ফলে সামনের তিন ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টাইন ডিফেন্ডার। ওই তিন ম্যাচে চেলসি, ব্রেন্টফোর্ড ও লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড।

পরে ১০ জনের দল নিয়েই লড়াইয়ের চেষ্টা করে মাইকের ক্যারিকের দল। ফল আসে ম্যাচের ৬৯ মিনিটে। ব্রুনো ফার্নান্দেসের ক্রসে দারুণ হেড করে ব্যবধান কমান কাসেমিরো। কিন্তু এরপর আর সমতাসূচক গোলটি করতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের।