বিশ্বকাপ বয়কটের ডাক দিলো ইউরোপের ৫৫ দেশ

বিবৃতিতে আরো যোগ করা হয়, ‘উয়েফা এবং এর ৫৫টি সদস্য সমিতি একতাবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আমরা সর্বসম্মতিক্রমে ও স্পষ্টভাবে বিশ্বকাপ এবং ফিফার অন্যান্য প্রতিযোগিতার মালিকানা স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করার ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি।’

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

বিশ্বকাপের মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার প্রতিবাদে টুর্নামেন্টটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ফুটবল সংস্থাগুলো।

বৃহস্পতিবার উয়েফার ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশনের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার উয়েফার এক বিবৃতিতে বলা হয়, ‘যতদিন পর্যন্ত এই প্রস্তাব কার্যকর থাকবে, ততদিন উয়েফার কোনো জাতীয় দল ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না—যদি না এই প্রস্তাবটি পুরোপুরি বাতিল করা হয়। ফিফা কখনো তাদের পরিচালনা পর্ষদ বা প্রতিযোগিগুলো বেসরকারি মালিকানায় হস্তান্তর করবে না মর্মে বাধ্যতামূলক প্রতিশ্রুতি দেয়।’

বিবৃতিতে আরো যোগ করা হয়, ‘উয়েফা এবং এর ৫৫টি সদস্য সমিতি একতাবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আমরা সর্বসম্মতিক্রমে ও স্পষ্টভাবে বিশ্বকাপ এবং ফিফার অন্যান্য প্রতিযোগিতার মালিকানা স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করার ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘বিশ্বকাপকে কোনো বিনিয়োগ পণ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে না। এটি ফুটবলের অন্যতম সেরা ক্রীড়া ঐতিহ্য। প্রতিটি মহাদেশের খেলোয়াড়, জাতীয় দল এবং সমর্থকেরা প্রজন্ম থেকে প্রজন্মে এটি গড়ে তুলেছেন। এর কোনো অংশই কখনো বেসরকারি বিনিয়োগকারীদের হাতে সঁপে দেয়া উচিত নয়। বিশ্বকাপ বিক্রি করার জন্য নয়।’

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে নতুন একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন, যার আওতায় ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব একীভূত করা হবে। ফিফা প্রেসিডেন্টের এই ঘোষণার পরই বিশ্বকাপ বর্জনের ডাক আসে।