ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার ট্রফি ও ব্যক্তিগত অর্জনে ভরপুর। কিন্তু বিশ্বকাপের মঞ্চে তার গল্পটা একটু ভিন্ন- এখানে যেমন আছে অসাধারণ কিছু মুহূর্ত, আবার আছে আক্ষেপও।
পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি এমন রেকর্ড গড়েছেন, যা ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। তবে বিশেষ কিছু করতে পারেননি তিনি, তার দলও এখনো খেলতে পারেনি ফাইনাল।
ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। যেই রেকর্ড নেই আর কারো। তবে এবারের আসরে একই কীর্তি গড়তে যাচ্ছেন মেক্সিকোর গুইলারমো ওচোয়া ও আর্জেন্টিনার লিওনেল মেসি।
এদিকে এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হতে যাচ্ছেন রোনালদো। ৪১ বছর ১২৬ দিন বয়সে নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপটা খেলতে যাচ্ছেন সিআর সেভেন। সব আসর মিলিয়ে তার স্থান চতুর্থতম।
তারচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলেছেন, এমন আছেন আর মাত্র তিনজন। ক্যামেরুনের রজার মিলার (৪২), কলম্বিয়ার ফারিদ মনদ্রাগন (৪৩) ও মিসরের এসাম এল হাদারি (৪৫)।
৪১ বছর বয়সী রোনালদো আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ (২২৭) খেলার রেকর্ড নিয়েই বিশ্বকাপে নামবেন। একইসাথে তিনি সর্বাধিক গোলেরও (১৪৩) মালিক।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বিশ্বকাপে অবশ্য তেমন কিছু করতে পারেননি। পাঁচ বিশ্বকাপে ২২ ম্যাচ খেলে করেছেন মাত্র ৮ গোল। এসিস্ট করেছেন মাত্র ২টি।
অথচ ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এক হাজার গোলের মাইলফলকের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে সিআর সেভেন। অথচ বিশ্বকাপ এলেই যেন তিনি অচেনা হয়ে যান।
২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হওয়া রোনালদো প্রথম বিশ্বকাপ খেলেছেন ২০০৬ সালে। সেই বিশ্বকাপেই পর্তুগালের দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোলটি পেয়ে যান রোনালদো।
এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে একটি করে গোল পান পর্তুগিজ এই তারকা। তবে ২০১৮ সালে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করে এক ঝটকায় দ্বিগুণ করে ফেলেন বিশ্বকাপে নিজের গোলসংখ্যা।
তবে রাশিয়া বিশ্বকাপে আবার যেই-সেই। ফের একটি মাত্র গোল নিয়ে বিশ্বকাপ শেষ করতে হয়। আরেকটা বিষয় হলো এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে কখনো গোল করতে পারেননি রোনালদো।
তবে ধারাবাহিক পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যেই রেকর্ড নেই ফুটবল বিশ্বে আর কারো। এবার সেই সংখ্যাটা নিশ্চয়ই আরো একধাপ উপরে নিয়ে যাবেন তিনি।
বয়স বিবেচনায় হয়তো এটাই হতে যাচ্ছে রোনালদোর শেষ বিশ্বকাপ। হয়তো খেলে ফেলতে পারেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটাও। দেখা যাক সেটি শিরোপার রঙে রাঙাতে পারেন কিনা!



