বিশ্বকাপ বিক্রি করে দিলেন বেঞ্জামিন মেন্ডি!

ট্রফিটি বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় ৭৭ লাখ টাকা। বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে পাওয়া বিশেষ চ্যাম্পিয়নশিপ রিংও বিক্রির জন্য তিনি নিলামে তোলেন।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্বকাপ হাতে বেঞ্জামিন মেন্ডির এআই জেনারেটেড ছবি
বিশ্বকাপ হাতে বেঞ্জামিন মেন্ডির এআই জেনারেটেড ছবি |নয়া দিগন্ত অনলাইন

বিশ্বকাপ বিক্রি করে দিলেন বেঞ্জামিন মেন্ডি! অবাক হলেও সত্য, বিশ্বকাপ জয়ের আট বছর পর নিজের সবচেয়ে মূল্যবান স্মৃতিটি বিক্রি করেছেন সাবেক ফরাসি এই তারকা।

রেপ্লিকা ট্রফিটি নিলামে তুলে আয় করেছেন প্রায় ৭৭ লাখ টাকা।

ক্যারিয়ারে বেঞ্জামিন মেন্ডি যেমন বিশ্বকাপ জয়ের মতো বিরল স্মৃতির স্বাদ পেয়েছেন, আবার কঠিন সময়ও দেখেছেন। এমতাবস্থায় ২০১৮ বিশ্বকাপজয়ী ফরাসি ডিফেন্ডার তার অফিসিয়াল রেপ্লিকা ট্রফি নিলামে তুলে দেন।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিনের ‘দ্য ফুটবল গ্লোবাল অকশন, পার্ট-২’-এ ট্রফিটি বিক্রি হয়েছে ৬২ হাজার ২০০ মার্কিন ডলারে, যা প্রায় ৫৪ হাজার ইউরোর সমান।

তবে এটি ফিফার আসল বিশ্বকাপ ট্রফি নয়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিটি খেলোয়াড়কে স্মারক হিসেবে ফিফা ও সংশ্লিষ্ট জাতীয় ফুটবল ফেডারেশন যে অফিসিয়াল রেপ্লিকা উপহার দেয়, সেটিই বিক্রি করেছেন মেন্ডি।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানায়, ট্রফিটির সাথে ছিল মেন্ডির নিজের হাতে স্বাক্ষর করা একটি সত্যায়নপত্র, যা এর আসল মালিকানা নিশ্চিত করে।

রেপ্লিকাটিতে ২০১৮ সালের মস্কো ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফ্রান্সের বিশ্বজয়ের স্মারক খোদাই করা ছিল। দীর্ঘদিন সংরক্ষণে থাকায় ট্রফির নিচের অংশে সামান্য ফাটল ও ব্যবহারের কিছু চিহ্নও দেখা গেছে।

বিশ্বকাপ ট্রফির এই প্রতিরূপটি কেনার জন্য ছিল ব্যাপক আগ্রহ। নিলাম শেষ হওয়ার আগে মোট ৩৮টি বিড জমা পড়ে। শেষ পর্যন্ত গত শনিবার এটি বিক্রি হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, স্পেনের ২০২৬ বিশ্বকাপ জয়ের অল্প কয়েক দিনের মধ্যেই শেষ হয় নিলামটি।

শুধু ট্রফির রেপ্লিকাই নয়, একই নিলামে ২০১৮ বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে পাওয়া বিশেষ চ্যাম্পিয়নশিপ রিংও বিক্রির জন্য তোলেন মেন্ডি। ফ্রান্সের শিরোপা জয়ের পর সতীর্থদের জন্য বিলাসবহুল এই আংটিগুলো উপহার দিয়েছিলেন পল পগবা।

এ ছাড়া গোল্ডিনের ওই নিলামে পেলে, লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মতো তারকাদের বিভিন্ন দুর্লভ স্মারকও বিক্রির জন্য রাখা হয়েছিল।

একসময় বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার ছিলেন মেন্ডি। মার্সেই ও মোনাকোয় দারুণ পারফরম্যান্সের পর ২০১৭ সালে ৫৮ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। তবে ২০২১ সালে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তার ক্যারিয়ার বড় ধাক্কা খায়।

প্রায় দুই বছর বিচারিক প্রক্রিয়ার পর ২০২৩ সালের জুলাইয়ে সব অভিযোগ থেকে খালাস পান তিনি। খালাস পাওয়ার পর লরিয়ঁ ও জুরিখে ক্যারিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করলেও খুব বেশি সফল হননি।

শেষ পর্যন্ত ২০২৫ সালে পোল্যান্ডের ক্লাব পোগন শেচচিনে যোগ দেন। গত মৌসুম শেষে ক্লাবটির সাথে আরো এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ৩২ বছর বয়সী এই ফরাসি ডিফেন্ডার।