স্প্যানিশ লা লিগায় গতরাতে হোটচ খেয়েছে শিরোপা দৌড়ে থাকা রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের গোলও দলকে রক্ষা করতে পারেনি। লস ব্লাঙ্কোজদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা।
শনিবার এস্তাদিও এল সদর স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। ফলে আলভারো আরবেলোয়াদের শিরোপা ভাগ্য এখন নির্ভর করছে বার্সেলোনার উপর।
অথচ আগের ম্যাচে জিরোনার বিপক্ষে বার্সেলোনা হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করার সুবর্ণ সুযোগ এসেছিল রিয়ালে সামনে। তা তো আর হলোই না, উল্টা বেড়েছে শীর্ষস্থান হারানোর ঝুঁকি।
এই মুহূর্তে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। আর এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। লেভান্তের বিপক্ষে রোববার জিতলেই শীর্ষে উঠে যাবে হানসি ফ্লিকের দল।
ওসাসুনার ঘরের মাঠে শনিবার ম্যাচের শুরু থেকেই চাপে ছিল রিয়াল। তবে সময়ের সাথে সাথে আক্রমণের ধার বাড়লেও, গোল পাচ্ছিল না সফরকারীরা। উল্টা ৩৮ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় ওসাসুনা।
প্রথমে বুদিমিরকে ডাইভিংয়ের অভিযোগে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআরে দেখা যায় গোলরক্ষক কোর্তোয়াই তাকে ফাউল করেছিলেন। ফলে পেনাল্টি পায় ওসাসুনা ও স্পটকিক থেকে গোল করেন বুদিমির।
রিয়াল সমতায় ফিরতে পারে ম্যাচের ৭৩ মিনিটে। সমতা ফেরান ভিনিসিয়ুস। ফেদেরিকো ভালভার্দের নিচু ক্রস থেকে বল জালে জড়ান তিনি। প্রায় পাঁচ মাস পর লিগে অ্যাওয়ে ম্যাচে গোল পেলেন এই ব্রাজিলিয়ান।
মাঝে ৭০ মিনিটের মাথায় অবশ্য কিলিয়ান এমবাপ্পে দারুণ শটে জাল খুঁজে পেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ফলে স্কোর দাঁড়ায় ১-১।
টানটান উত্তেজনার মাঝেই ৯০ মিনিটে রাউল গার্সিয়া জালে বল জড়ান। প্রথমে গোলটি অফসাইড ধরা হলেও ভিএআরের সিদ্ধান্তে সেটি বৈধ হলে সেই গোলে জয় নিশ্চিত করে ওসাসুনা। ২০১১ সালের পর লিগে রিয়ালের বিপক্ষে এটি ওসাসুনার প্রথম জয়।



