ফিফা বিশ্বকাপের ‘জে’ গ্রুপে বাঁচা-মরার ম্যাচে জর্ডানের বিপক্ষে ১-২ গোলে জয় পেয়েছে আলজেরিয়া। এই ম্যাচ জয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে উত্তর আফ্রিকার দলটি। অন্যদিকে টানা দুই পরাজয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়া জর্ডানের বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
আর্জেন্টিনার বিপক্ষে হারের পর নকআউটে উত্তীর্ণ হওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় আলজেরিয়া। তবে সেটি সহজ হয়ে গেছে নাদির বেনবুয়ালি ও আমিনে গুইরি গোলে।
ম্যাচের শুরু থেকেই ছিল সমানে সমান লড়াই। আলজেরিয়া বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও জর্ডানও সুযোগ পেলেই পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলে। প্রথমার্ধে ৩৬তম মিনিটে নিজার আল-রাশদানের একমাত্র গোলে বিরতিতে স্বস্তিতে যায় এশিয়ার প্রতিনিধিরা।
তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। একের পর এক আক্রমণে জর্ডানের রক্ষণভাগকে ব্যস্ত রাখে আলজেরিয়া। ৬২তম মিনিটে রিয়াদ মাহরেজের নিখুঁত পাস থেকে গোল করে সমতা ফেরান নাধির বেনবুয়ালি। গোল হজমের পর কিছুটা ছন্দ হারিয়ে ফেলে জর্ডান।
সমতার পর জয়ের জন্য আরো আক্রমণাত্মক হয়ে ওঠে আলজেরিয়া। এর ফলও পেয়ে যায় তারা। ম্যাচের ৮২তম মিনিটে জর্ডানের বক্সে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন আমিন গুইরি। অফসাইডের সম্ভাবনা থাকায় ভিএআরের সাহায্য নেয়া হলেও শেষ পর্যন্ত গোলের বৈধতা নিশ্চিত করা হয়। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি জর্ডান।
৩ পয়েন্ট আদায় করে ‘জে’ গ্রুপে তৃতীয় স্থানে এখন আলজেরিয়া। আর্জেন্টিনার কাছে হারা অস্ট্রিয়া আগে জর্ডানকে হারানোয় ও কম গোল হজম করায় আলজেরিয়ার সমান ৩ পয়েন্ট পেলেও তারা আছে দুইয়ে।
আগামী ২৭ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে আলজেরিয়া। সেই ম্যাচের জয়ী দল যাবে রাউন্ড অব ৩২-১। একই দিন জর্ডান খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।



