ঘোষণার দেড় বছর পর দেড় কোটি টাকা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ৫ লাখ টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
নারী ফুটবল দল
নারী ফুটবল দল |ফাইল ছবি

সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় লাল-সবুজের মেয়েদের। তবে গত আসরে (২০২৪) চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

সেবার চ্যাম্পিয়ন হওয়ার পর শিরোপাজয়ী দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। ওই বছর ৯ নভেম্বর বাফুফে নবনির্বাচিত কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছিল।

তবে সেই টাকা পেতে অপেক্ষা বাড়ছিল সাবিনা-ঋতুপর্ণাদের। অবশেষে দেড় বছর পর আজ সেই টাকা পেয়েছেন ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ীরা। রোববার তাদের ব্যাংক একাউন্টে জমা হয়েছে টাকা।

২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলে ছিলেন ২৩ জন ফুটবলার। তাদের প্রত্যেককে বাফুফে ৫ লাখ টাকা করে দিয়েছে। এতে এক কোটি ১৫ লাখ টাকা লেগেছে। বাকি ৩৫ লাখ টাকা কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টের মাঝে ভাগ হবে।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ৫ লাখ টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাফুফের পরিকল্পনা ছিল শুক্রবার সাফের ফাইনালের আগেই টাকা প্রদান করা। কিন্তু বৃহস্পতিবার ব্যাংকিং কর্মঘণ্টার মাঝে সেটা সম্ভব না হওয়ায় আজ দিনের শুরুতেই ফুটবলারদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করে।