প্রতিটি বিশ্বকাপেই ফুটবলের নিয়মে কম-বেশি বদল আনে ফিফা। ব্যতিক্রম হচ্ছে না আসন্ন আসরেও। ২০২৬ বিশ্বকাপকেও দেখা যেতে পারে নিয়ম বদলের ঘটনা।
জানা গেছে- হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ফিফা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মে শাস্তির চাপ কমাতে দুটি ধাপ যুক্ত করা হতে পারে।
বর্তমান নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে কোনো খেলোয়াড় দুইটি পৃথক ম্যাচে হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে নিষিদ্ধ হন। এতে করে দলগুলো গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারানোর ঝুঁকিতে থাকে।
নতুন প্রস্তাবিত কাঠামোতে এই সমস্যার সমাধানে গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল শেষে সব হলুদ কার্ড বাতিল করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এই দুই ধাপে এসে পূর্বের কার্ড আর বিবেচনায় নেয়া হবে না।
মূলত আগামী বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে, যার ফলে টুর্নামেন্টের ম্যাচ সংখ্যা বেড়ে যাবে ও কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে দলগুলোকে ছয়টি ম্যাচ খেলতে হতে পারে।
এতে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। বর্তমান নিয়ম বজায় থাকলে অনেক তারকা খেলোয়াড় সেমিফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারেন, যা প্রতিযোগিতার মান ও উত্তেজনা কমিয়ে দিতে পারে।
নতুন প্রস্তাব অনুযায়ী, এখনো দুইটি হলুদ কার্ডেই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে গ্রুপ পর্বের শেষে ও কোয়ার্টার ফাইনালের পর কার্ড হিসাব শূন্যে ফিরিয়ে আনা হবে। এতে করে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ কমবে।
যদিও এখনো এই নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। তবে দ্রুতই এই প্রসঙ্গে কোনো বিবৃতি দিতে পারে ফিফা, এমনটাই জানিয়েছে বিবিসি।



