২ যুগ পর আজ ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

দুই যুগ পর আজ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, যা এশিয়ান কাপ বাছাইয়ের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

লম্বা বিরতি শেষে মাঠে ফিরছে জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে জামাল ভূঁইয়ারা। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের আগে এটিই প্রস্তুতির শেষ সুযোগ হামজা চৌধুরীদের। তবে এই ম্যাচে হামজার খেলা অনিশ্চিত। সদ্য চোট কাটিয়ে ফেরা এই তারকাকে দেয়া হতে পারে বিশ্রাম।

হামজাকে ঘিরে সমর্থকদের উত্তেজনার পারদ তুঙ্গে থাকলেও গতকাল সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের কাবরেরার কণ্ঠে ছিল বিপদের সাইরেন। তবে হামজা খেললেও ম্যাচটা সহজ হবে না মোটেও।

এই ম্যাচ দিয়ে একঝাঁক প্রবাসী ফুটবলার যুক্ত হচ্ছেন ভিয়েতনাম দলেও। ব্রাজিলের হোয়াং হেনের অভিষেক হবে আজ দলটির হয়ে। খেলবেন আরেক ব্রাজিলিয়ান সুয়ান সনও।

ঐতিহাসিকভাবে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বেশ ভারসাম্যপূর্ণ। এখন পর্যন্ত দু’দলের তিনবারের দেখায় দু’টি ম্যাচ ড্র হয়েছে ও অন্যটিতে হারতে হয়েছে লাল-সবুজদের।

তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে বেশ পিছিয়ে। বর্তমানে বাংলাদেশের অবস্থান যেখানে ১৮১ নম্বরে, যেখানে ভিয়েতনামের অবস্থান ১০৩। অর্থাৎ ৭৮ ধাপ এগিয়ে স্বাগতিকেরা।

তবে ম্যাচের ফল যেমনই হোক, ভিয়েতনামের বিপক্ষে খেলাটাই যেন বাংলাদেশের বড় পাপ্তি। যেখাবে একসময় নেপাল, ভুটান, মালদ্বীপের মতো দলের বিপক্ষে খেলতেন জামালরা। সেই বৃত্ত থেকে বাংলাদেশ এবার বেরিয়ে এসেছে।

ভিয়েতনামের বিপক্ষে সবশেষ মুখোমুখি হয়েছিল দুই যুগেরও বেশি সময় আগে। ২০০১ সালে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশ হারলেও ভিয়েতনামের মাঠে গিয়ে ড্র করেছিল।

তবে প্রীতি ম্যাচে দু’দলের দেখা দেখা হবে এবারই প্রথম।

বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, এটি শুধুই প্রীতি ম্যাচ নয়; দলের বর্তমান অবস্থান যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ।

তার মতে, ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা এশিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ের আগে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

এদিকে বাংলাদেশ দলের সামর্থ্যকে সমীহ করছেন ভিয়েতনাম দলের কোচ কিম সাং-সিক। পুরোনো রেকর্ড না ঘেঁটে বর্তমান বাংলাদেশকে নিয়েই সতর্ক তিনি।

যদিও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচটিকে কঠিন বলে মনে করছেন। তার বিশ্বাস, সাম্প্রতিক উন্নতির ফলে ভিয়েতনামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য এখন বাংলাদেশের রয়েছে।