বিশ্বকাপের সেমিফাইনালের পথে আর মাত্র এক ধাপ। সেই গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিধর ফ্রান্স ও আফ্রিকার গর্ব মরক্কো। যুক্তরাষ্ট্রের বোস্টনের গিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১০ জুলাই রাত ২টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই কোয়ার্টার-ফাইনাল।
চার বছর আগের কাতার বিশ্বকাপের স্মৃতি এখনো টাটকা। ২০২২ সালের সেমিফাইনালে মরক্কোর স্বপ্নভঙ্গ করেছিল ফ্রান্স। ২-০ গোলের সেই পরাজয়ের ক্ষত ভুলে এবার ইতিহাস বদলানোর লক্ষ্য আটলাস লায়ন্সদের। আর ফরাসিদের লক্ষ্য, টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা।
পরিসংখ্যান অবশ্য ফ্রান্সের পক্ষেই কথা বলছে। দুই দলের সাত দেখায় এখনো হারেনি ফরাসিরা। জিতেছে তিনটি ম্যাচ, বাকি তিনটি ড্র। ১৯৯৮ সালে একটি প্রীতি টুর্নামেন্টে টাইব্রেকারে মরক্কো জিতলেও ম্যাচের আনুষ্ঠানিক ফল ছিল ২-২ ড্র। ফলে বিশ্বকাপসহ সব প্রতিযোগিতা মিলিয়ে মরক্কোর বিপক্ষে এখনো অপরাজিত দিদিয়ে দেশমের দল।
জিততে পারলে বিশ্বকাপ ইতিহাসে জার্মানি ও ব্রাজিলের পর মাত্র তৃতীয় দল হিসেবে টানা তিন আসরে সেমিফাইনালে উঠবে ফ্রান্স। অন্যদিকে মরক্কো জিতলে গড়বে আফ্রিকান ফুটবলের নতুন ইতিহাস। প্রথম আফ্রিকান দল হিসেবে টানা দুই বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেবে তারা।
শুধু তাই নয়, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত থাকার কীর্তিও একমাত্র মরক্কোরই। কাতারে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনাল খেলেছিল তারা। এবার সেই সাফল্যকে আরো এক ধাপ এগিয়ে নেয়ার সুযোগ তাদের সামনে।
মরক্কোর প্রাণভোমরা আশরাফ হাকিমিও আছেন দুর্দান্ত ছন্দে। ২০২২ ও ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে তিনি গোলের জন্য ২১টি সুযোগ তৈরি করেছেন, যা এই সময়ে বিশ্বের যেকোনো ডিফেন্ডারের মধ্যে সর্বোচ্চ। চলতি আসরে তার তৈরি করা ১৫টি সুযোগ ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের এক আসরে কোনো আফ্রিকান ডিফেন্ডারের সর্বোচ্চ।
অন্যদিকে ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র কিলিয়ান এমবাপ্পে। শেষ ষোলোয় প্যারাগুয়ের বিপক্ষে গোল করে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে সাতে। আট গোল নিয়ে শীর্ষে থাকা লিওনেল মেসিকে ছুঁতে আজ প্রয়োজন মাত্র একটি গোল। আর জোড়া গোল করতে পারলে বিশ্বকাপ ইতিহাসে ২১ গোল নিয়ে মেসির সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসাবেন ফ্রান্স অধিনায়ক।
রেকর্ডের খুব কাছে রয়েছেন ফ্রান্সের আরেক তারকা মাইকেল ওলিসেও। আর একটি অ্যাসিস্ট করতে পারলেই ১৯৭০ সালে পেলের গড়া এক বিশ্বকাপে সর্বোচ্চ ছয় অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করবেন তিনি।
ডাগআউটেও অপেক্ষা করছে একটি বিশেষ মুহূর্ত। মরক্কোর বিপক্ষে ম্যাচটি হবে দিদিয়ে দেশমের বিশ্বকাপে কোচ হিসেবে ২৫তম ম্যাচ। এর মাধ্যমে পশ্চিম জার্মানির কিংবদন্তি হেলমুট শ্যোনের সর্বাধিক ২৫ ম্যাচে কোচিং করানোর রেকর্ডে ভাগ বসাবেন তিনি।
প্রতিশোধের গল্প, ইতিহাস গড়ার হাতছানি, রেকর্ড ভাঙার লড়াই আর সেমি-ফাইনালের স্বপ্ন—সব মিলিয়ে বস্টনে আজকের ফ্রান্স-মরক্কো ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় কোয়ার্টারফাইনালগুলোর একটি।



