মেসির জাদুকরী গোল, বিধ্বস্ত জাম্বিয়া

বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় বুধবার সকালে মেসি-আলভারেজদের গোলে রীতিমতো উড়ে গেছে জাম্বিয়া। নিজেদের চেয়ে ৮৮ ধাপ পিছিয়ে থাকা দলটাকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

অবিশ্বাস্য কিছু না ঘটলে জয় নিশ্চিত ছিল। শুধু অপেক্ষা ছিল ব্যবধান কত বড় হয়, তা দেখার। সেই প্রশ্নের উত্তর মিলেছে, আফ্রিকান দেশ জাম্বিয়া কোনো পাত্তাই দেয়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় বুধবার সকালে মেসি-আলভারেজদের গোলে রীতিমতো উড়ে গেছে জাম্বিয়া। নিজেদের চেয়ে ৮৮ ধাপ পিছিয়ে থাকা দলটাকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

মাত্র ৪ মিনিটেই দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। লিয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে দুরপাল্লার পাস পেয়ে থিয়াগো আলমাদা বল এগিয়ে দিলে গোল পেতে সমস্যা হয়নি তার।

দ্বিতীয় গোল আসে প্রথমার্ধের শেষ সময়ে। ৪৪তম মিনিটে চমৎকার গোলে ব‍্যবধান বাড়ান মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সাথে ওয়ান-টু খেলে নিচু শটে গোল করেন।

আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে এটাই হতে পারে মেসির শেষ গোল। ৪০টি আলাদা জাতীয় দলের বিপক্ষেও গোল হয়ে গেল মেসির। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে এটি তার ১১৬তম গোল।

বিরতির পরপরই স্কোরলাইন ৩-০ করেন ওতামেন্দি। ডি বক্সে থিয়াগো আলমাদা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিজে শট না নিয়ে ওতামেন্দিকে শট নিতে দেন মেসি।

সুযোগ পেয়ে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটা রাঙিয়ে তুলে ওতামেন্দি। ৫০তম মিনিটে ঠান্ডা মাথায় সফল স্পট কিকে দেশের হয়ে নিজের অষ্টম গোলটি করেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

স্কোর ৪-০ হয় ৬৭ মিনিটে। আর্জেন্টিনা এ গোলটিও আদায় করেছে ক্রমাগত চাপ তৈরি করে। শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ডুকিয়ে দেন ডমিনিক চান্দা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জালের দেখা পান ভালেন্তিন বার্কো। নিকো গন্সালেসের ফ্লিকে বল পেয়ে অনায়াসে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলটি করেন তিনি।

বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই ছিল আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ। বড় জয়েই যেই উপলক্ষ রাঙালো আলবিসেলেস্তারা।