হোয়াইট হাউসে আমন্ত্রণ পেল ইন্টার মায়ামি

সংবর্ধনা অনুষ্ঠানে মায়ামির অধিনায়ক মেসি থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে মায়ামি হেরাল্ডের একটি সূত্র জানিয়েছে মেসিসহ পুরো দলই এই সফরে অংশ নেবে।

নয়া দিগন্ত অনলাইন
ইন্টার মায়ামিকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
ইন্টার মায়ামিকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প |ইন্টারনেট

প্রথমবারের মতো হোয়াইট হাউসে ইন্টার মায়ামিকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ৫ মার্চ আতিথ্য দেয়া হবে তাদের।

গত ডিসেম্বরে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতে ইন্টার মায়ামি। ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছে ক্লাবটি।

বিভিন্ন ক্রীড়া লিগের চ্যাম্পিয়ন দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রীতি। সেই ধারায় আগামী ৫ মার্চ ওয়াশিংটনে হবে সংবর্ধনা অনুষ্ঠান।

এর আগে, ২০২৩ সালের এমএলএস কাপ জেতায় কলম্বাস ক্রুও এই সম্মান পেয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার হোয়াইট হাউসে যাচ্ছে লিওনেল মেসিদের ক্লাব।

তবে সংবর্ধনা অনুষ্ঠানে মায়ামির অধিনায়ক মেসি থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে মায়ামি হেরাল্ডের একটি সূত্র জানিয়েছে মেসিসহ পুরো দলই এই সফরে অংশ নেবে।

এছাড়া সংবর্ধনার দুই দিন পর ওয়াশিংটন ডিসিতেই ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচ রয়েছে। তাই দলের সাথে মেসির সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা জোরালো।

উপস্থিত থাকলে এটিই হবে মেসির প্রথম হোয়াইট হাউস সফর। যদিও এর আগে ২০২৫ সালে হোয়াইট হাউসে যাওয়ার সুযোগ এসেছিল মেসির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি।

তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন মেসিকে মূলত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেয়ার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন।

সময় মেলাতে না পারায় উপস্থিত থাকতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। তবে এবার ঘোচতে পারে সেই অপেক্ষা।