এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, ভারতের জয়ে নিশ্চিত হয়েছে শেষ চার। শনিবার গ্রুপ সেরা নির্ধারণে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। গতকাল ভারতের বিপক্ষে পাকিস্তানের হারে এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে উঠল লাল-সবুজের দল।

অবশ্য পাকিস্তানকে ২-০ গোলের হারিয়ে আগেই নিজের কাজটা সেরে রেখেছিল বাংলাদেশ। এরপর অপেক্ষা ছিল ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের ফলের। সেই ফলও মিলেছে এবার।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশকে সাথে নিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে ভারত।

শনিবার বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে। যেখানে আজ ৩-০ জয়ে একটু এগিয়ে থেকেই বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

দু’দলের ম্যাচটা ড্র হলে গ্রুপ সেরা হবে ভারত। বাংলাদেশকে সেরা হতে হলে জিততেই হবে সেই ম্যাচে। অন্যদিকে দুই ম্যাচের দু’টিতেই হেরে বিদায় নিল পাকিস্তান।

গ্রুপ সেরা হলে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে দু’দলের জন্যই। টুর্নামেন্টের দু’টি সেমিফাইনালই হবে ১ এপ্রিল। জয়ী দু’দল ফাইনালে মুখোমুখি হবে ৩ এপ্রিল।