মেসি জাদুতে মায়ামির বড় জয়

রোববার এমএলএসের ম্যাচে মন্ট্রিয়ালকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করেছেন লিওনেল মেসি, পাশাপাশি একটি অ্যাসিস্টও করলেন এই বিশ্বজয়ী ফুটবলার।

নয়া দিগন্ত অনলাইন
গোলের পর সতীর্থদের সাথে উদযাপনে মেসি
গোলের পর সতীর্থদের সাথে উদযাপনে মেসি |ইন্টারনেট

ক্লাব বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারেনি ইন্টার মায়ামি। আক্ষেপ নিয়েই ফিরতে হয় শেষ ষোলো থেকে৷ তবে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘোচালো দলটা, মেজর লিগে মন্ট্রিয়াল সিএফকে উড়িয়ে দিয়েছে তারা।

রোববার এমএলএসের ম্যাচে মন্ট্রিয়ালকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করেছেন লিওনেল মেসি, পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মেসি।

নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় মন্ট্রিয়াল। মেসির ভুল পাস থেকে বল পেয়ে যান মন্ট্রিয়লের প্রিন্স উসু। এই জার্মান ফরোয়ার্ড ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে।

এরপর আস্তে আস্তে গুছিয়ে ওঠে মায়ামি। সুযোগও তৈরী করতে থাকে তারা। ৩৩ মিনিটে মেসির সহায়তায় বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান আলেন্দে।

৪০ মিনিটে গোল পেয়ে যান মেসি নিজেই। লুইস সুয়ারেজের থেকে বল পেয়ে চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে আচমকা শটে বল পাঠিয়ে দেন জালে। এগিয়ে যায় ইন্টার মায়ামি।

বিরতির পর মায়ামি যেন আরো ক্ষুরধার। ৬০ মিনিটে আক্রমণের ধারায় মায়ামিকে ৩-১ গোলে এগিয়ে দেন সেগোভিয়া। এখানে শেষ নয়, মিনিট দুয়েক পরই মেসির থেকে আসে আরো একটা চোখধাঁধানো গোল।

সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে প্রথমে একে একে তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে এগিয়ে যান মেসি। বক্সে ঢুকতেই মেসি সামনে পান আরো তিনজনের দেয়াল। সেখানে তাদের বোকা বানিয়ে গোলরক্ষককে করেন পরাস্ত।

এ যেন সেই সোনালী সময়ের মেসি! সে মনমুগ্ধকর মেসি। প্রতিপক্ষও যেন বিশ্বাস করতে পারছিলো না, কি থেকে কি হয়ে গেল।

মেসির দুর্দান্ত এই গোলের পর মন্ট্রিয়লের ম্যাচে ফেরার আর কোনো সুযোগ ছিল না। শেষ পর্যন্ত ঘরের মাঠেই বড় হারের স্বাদ পায় তারা। মাঝে ৭০তম মিনিটে মেসির পাস থেকে সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ, তবে ব্যর্থ হোন তিনি।

এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১৭ ম্যাচ ৩২ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মায়ামি।