পেনাল্টি মিসের পর বর্ণবাদী বিদ্বেষের শিকার তিন ডাচ ফুটবলার

কেএনভিবি বলেছে, ফুটবলে কিংবা সমাজের কোথাও বর্ণবাদ ও বৈষম্যের কোনো স্থান নেই। জাতীয় দলের খেলোয়াড়দের প্রতি এমন বিদ্বেষমূলক আচরণ কোনোভাবেই মেনে নেয়া হবে না। অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
ক্রেসেনসিও সামারভিল
ক্রেসেনসিও সামারভিল |সংগৃহীত

বিশ্বকাপ থেকে নেদারল্যান্ডসের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী বিদ্বেষের শিকার হয়েছেন দলের তিন ডাচ ফুটবলার। জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার ও ক্রেসেনসিও সামারভিলকে লক্ষ্য করে ঘৃণামূলক মন্তব্য করা হয়।

মঙ্গলবার মন্তেরেতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। ভাগ্য নির্ধারণী শুটআউটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ক্লুইভার্ট, টিম্বার ও সামারভিল।

টাইব্রেকারে পেনাল্টি মিস করায় ম্যাচের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে বর্ণবাদী ও ঘৃণামূলক মন্তব্য ছড়িয়ে পড়ে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি)।

এক বিবৃতিতে ফেডারেশন জানায়, অভিযোগগুলো আইনজীবীদের মাধ্যমে পর্যালোচনা করা হবে। শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ মিললে সরকারি দফতরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ও প্রয়োজন হলে ফৌজদারি তদন্ত শুরু হবে।