আগেই জানা গিয়েছিল মাঠে গড়াচ্ছে না বহুল কাঙ্ক্ষিত ফিনালিসিমা। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এবার আর দেখা হচ্ছে না।
মূলত মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় স্পেন- আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচটি বাতিল হয়। বিকল্প হিসেবে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
তবে শেষ পর্যন্ত সেই ম্যাচটিও বাতিল হয়ে গেছে। এবার বাঁধ সেধেছে ফিফা। ম্যাচটি মাঠে গড়ানোর অনুমতি দেয়নি তারা। নিয়ম-রীতির বেড়াজালে আটকে গেছেন মেসিরা। তাই খুঁজে নেয়া হয়েছে নতুন প্রতিপক্ষ।
নতুন সূচি অনুযায়ী বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে আসন্ন ফিফা উইন্ডোতে লিওনেল মেসিরা মোকাবিলা করবেন দুই আফ্রিকান দেশ মৌরিতানিয়া ও জাম্বিয়াকে।
মূলত একই ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি আলাদা মহাদেশে খেলার নিয়ম না থাকায় গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটি ফিফার অনুমোদন পায়নি।
৩১ মার্চ গুয়াতেমালার আর্জেন্টিনা দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও, এর আগে ২৭ মার্চ আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ আছে দেশটার। দুইটি প্রতিপক্ষ ভিন্ন দুই মহাদেশের।
গুয়াতেমালার বিপক্ষে না খেললেও সেই ম্যাচের জন্য ঘোষিত ২৮ সদস্যের দলটিই বহাল রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। যথারীতি দলের নেতৃত্বে থাকছেন মহানায়ক লিওনেল মেসি।
আগামী ২৭ মার্চ মৌরিতানিয়া ও ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের আগে যা হতে যাচ্ছে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ।



