কাতার বিশ্বকাপ বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার সম্পর্কের চিত্র বদলে দিয়েছে। বাংলাদেশের দর্শক, ভক্ত-সমর্থকদের আবেগ-উন্মাদনা আলবিসেলেস্তাদের মন জয় করে নিয়েছে।
দুই দেশের মধ্যকার দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটার। ভাষা, ইতিহাস সংস্কৃতি সব ভিন্ন। তবুও ফুটবল যেন দুটো দেশকে এক করে দিয়েছে। ভিনদেশী এই সমর্থকদের অকুন্ঠ সমর্থনের কথা পৌঁছেছে সেই দেশেও।
রাত জেগে মেসি-মেসি ডাকে বুদ হয়ে ওঠার গল্প শুনেছে তারাও। এমতাবস্থায় উন্মুক্ত হয়েছে দু’দেশের সম্পর্কের নতুন দুয়ার।
সেই আমেজ-উন্মাদনা উপভোগ করতে সুদূর আর্জেন্টিনা থেকে ছুটে এসেছেন বেশ কয়েকজন। ৬ সদস্যের প্রতিনিধি দলটার নেতৃত্ব দিচ্ছেন ভ্রমণ লেখক, কনটেন্ট ক্রিয়েটর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড্যান লান্দে।
গতকাল রোববার সকালে ড্যান লান্দে ও তার দল ঢাকায় আসে। বাংলাদেশে তাদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ২৯ জুন পর্যন্ত তাদের এ দেশে থাকার কথা।
আজ সোমবার (২২ জুন) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হলের মাঠে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ উপভোগ করার কথা রয়েছে লান্দে ও তার টিমের।
এদিকে আগামী ২৪ জুন দুপুর ২টায় লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমব আয়োজন করছে ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ। সেই আয়োজনেও উপস্থিত থাকার কথা রয়েছে তাদের।
ঢাকার আর্জেন্টিনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি আর্জেন্টিনার মানুষের কৃতজ্ঞতা জানাতে ও দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার করতে তাদের এই বাংলাদেশ সফর।



