দক্ষিণ এশিয়ার কোটি কোটি ফুটবলভক্তের অপেক্ষার অবসান হতে চলেছে। অবশেষে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা—আগামী ৩ অক্টোবর ভারতের কলকাতায় প্রদর্শনী ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সল্টলেকে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা।
বৃহস্পতিবার যৌথভাবে এই ম্যাচের ঘোষণা দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। দুই দেশের ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। তবে ম্যাচের কিক-অফের সময় এখনো জানানো হয়নি।
প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ায় ব্রাজিলের বিপুল সমর্থকগোষ্ঠীর কথা বিবেচনায় রেখেই ভারত সফরের পরিকল্পনা করেছে সিবিএফ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন লিখেছে, ‘ভারতে একটি অসাধারণ ম্যাচ অপেক্ষা করছে। ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি সমর্থক রয়েছে ভারতে। প্রজন্মের পর প্রজন্ম তারা আবেগ ও ভালোবাসা দিয়ে ব্রাজিলকে অনুসরণ করেছে। সেই লাখো সমর্থকের সাথে এই বিশেষ মুহূর্ত ভাগ করে নেয়ার অপেক্ষায় আছি আমরা।’
বিশ্বকাপ শেষ হওয়ার পর এটি হবে ব্রাজিলের তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ। ভারত সফরের আগে অস্ট্রেলিয়ায় দু’টি প্রদর্শনী ম্যাচ খেলবে সেলেসাওরা। ২৫ সেপ্টেম্বর টাউন্সভিলে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। চার দিন পর ব্রিসবেনে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ভারত সফরে এসে ৩ অক্টোবর কলকাতায় নামবে মাঠে।
সবকিছু ঠিক থাকলে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তির অধীনেই মাঠে নামবে দলটি। সেই সাথে ভিনিসিউস জুনিয়র, এনদ্রিক, মাতেউস কুনিয়া, মারকুইনহোস, ব্রুনো গিমারায়েসসহ ব্রাজিলের প্রথম সারির তারকাদেরও কলকাতার দর্শকদের সামনে খেলার সম্ভাবনা রয়েছে।
ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তিকে ভারতের মাটিতে খেলতে দেখার সুযোগ দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য বিরল এক উপলক্ষ। তাই ম্যাচটিকে ঘিরে কলকাতাসহ পুরো অঞ্চলে এখন থেকেই উৎসবের আবহ তৈরি হতে শুরু করেছে।



