বিশ্বকাপ ফাইনালের আগে ড্রেসিংরুমে কী কথা হয়, তা খুব কমই প্রকাশ্যে আসে। খেলোয়াড়দের শেষ মুহূর্তের নির্দেশনা, কৌশল আর আবেগ সাধারণত রয়ে যায় চার দেয়ালের মাঝেই।
কিন্তু ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা ড্রেসিংরুম থেকে বের হওয়ার মুহূর্তের একটি ভিডিও এবার প্রকাশ্যে এসেছে। আর সেটিই এখন ফুটবল দুনিয়ায় তুমুল আলোচনার বিষয়।
ভিডিওটির একটি ছোট অংশ প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেখানে অধিনায়ক লিওনেল মেসিকে বলতে শোনা যায়, ‘সবকিছু ভুলে যাও। শুধু খেলো।’ এই একটি বাক্যকে ঘিরেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
অনেকে এর মধ্যে লুকানো বার্তা খুঁজতে থাকেন, আবার কেউ কেউ ষড়যন্ত্র তত্ত্বও দাঁড় করান। তবে পুরো ভিডিও প্রকাশের পর অনেকটাই পরিষ্কার হয়েছে বিষয়টি।
ভিডিওটিতে দেখা যায়, ম্যাচের চাপ দূরে রেখে সতীর্থদের শান্ত ও মনোযোগী রাখতেই কথাগুলো বলছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় মেসি বলেন, ‘চলো ছেলেরা, শান্ত হও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা। শুধু খেলায় মন দাও। সবকিছু ভুলে যাও। শুধু খেলো। সবাই শুধু খেলায় মনোযোগ দাও। চলো।’
মেসির কথার পরই শুরু হয় আর্জেন্টিনা ফুটবলারদের কৌশলগত আলোচনা। গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে স্পেনের আক্রমণ ঠেকানোর পরিকল্পনা বোঝাতে থাকেন।
বিশেষ করে লামিন ইয়ামালকে কিভাবে চাপে রাখতে হবে এবং ভেতরের থ্রু বল বন্ধ করতে হবে, সে বিষয়েই ছিল তাদের আলোচনা। লিসান্দ্রো মার্টিনেজও সতীর্থদের সতর্ক করে দেন স্পেনের আক্রমণভঙ্গি নিয়ে। ‘দিবু, ওরা যখন ভেতরে কাট করবে, তখন সতর্ক থাকবে। ওরা সব সময় পা খুলে শট কিংবা পাস দেয়ার চেষ্টা করবে।’
এরপর নিকোলাস তাগলিয়াফিকোর কাঁধে হাত রেখে বলেন, ‘নিকো, পুরো ম্যাচে ওকে আটকে রাখবে। পুরো ম্যাচেই ওকে পকেটে রাখবে।’
ভিডিওতে কেবল অনুপ্রেরণা নয়, মেসির কৌশলগত নির্দেশনাও ধরা পড়ে। ডিফেন্ডারদের উদ্দেশে তিনি বলেন, ‘ওরা যখন সামনে উঠবে, তখন লিয়ান্দ্রো (পারেদেস) আর এনজোকে (ফার্নান্দেজ) বলো যেন বেশি সামনে না যায়।’
ভিডিওর শেষ মুহূর্তটি ছিল আত্মবিশ্বাসে ভরপুর। ক্রিস্টিয়ান রোমেরো গোলরক্ষক মার্টিনেজকে বলেন, ‘আজ তোমার দিন, ঠিক আছে? দিবুর উত্তর ছিল আরো দৃঢ়, ‘আজ আমার দিন। আজকের দিনটা ইতিহাস হয়ে থাকবে।’
কিন্তু ইতিহাসটা লেখা হয় অন্যভাবে। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। ম্যাচ চলাকালীন ও শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও ঘটে।
এদিকে ভিডিওটি প্রকাশের পর নানা আলোচনা শুরু হলেও বিষয়টি নিয়ে কোনো বিতর্কে জড়াতে চাননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মঙ্গলবার (২১ জুলাই) নিজের জন্মস্থান পুহাতো সফরের সময় সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।



