সত্যিই কি বিশ্বকাপের টাকায় মাতৃভূমিতে মসজিদ বানিয়েছেন উসমান দেম্বেলে?

এর আগে মৌরিতানিয়া ফুটবল ফেডারেশন দেম্বেলেকে তাদের জাতীয় দলে খেলার প্রস্তাব দিয়েছিল। তবে তিনি সম্মানের সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফ্রান্সের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্বকাপ জয়ের পর উসমান দেম্বলে
বিশ্বকাপ জয়ের পর উসমান দেম্বলে |ফাইল ছবি

ফ্রান্সের তারকা ফুটবলার উসমান দেম্বেলের বিশ্বকাপ জয়ের অর্থ দিয়ে মাতৃভূমি মৌরিতানিয়ায় একটি মসজিদ নির্মাণের খবর কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিষয়টি কেবল গুজব নয়; ২০১৮ বিশ্বকাপ জয়ের পর তিনি সত্যিই এমন একটি অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছিলেন।

ডয়চে ভেলের একটি প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ের পর পাওয়া অর্থের একটি অংশ দাতব্য কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেন দেম্বেলে। সেই অর্থের মাধ্যমে তিনি মৌরিতানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের জাকিলি গ্রামে একটি মসজিদ নির্মাণে অর্থায়নের উদ্যোগ নেন। গ্রামটি তার মায়ের জন্মস্থান।

দেম্বেলের জন্ম ফ্রান্সের নরম্যান্ডিতে। তার মা মৌরিতানীয় বংশোদ্ভূত এবং বাবা মালির নাগরিক। যদিও তিনি ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন, তবুও মায়ের শেকড়ের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে মৌরিতানিয়ায় মসজিদ নির্মাণের উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়।

এর আগে মৌরিতানিয়া ফুটবল ফেডারেশন দেম্বেলেকে তাদের জাতীয় দলে খেলার প্রস্তাব দিয়েছিল। তবে তিনি সম্মানের সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফ্রান্সের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।

সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) খবরে বলা হয়, বিশ্বকাপের পর শুধু দেম্বেলেই নন, ফ্রান্স দলের আরো কয়েকজন খেলোয়াড় দাতব্য কাজে অর্থ দানের ঘোষণা দিয়েছিলেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি বিশ্বকাপ থেকে পাওয়া বড় একটি অংক প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা একটি ক্রীড়া-ভিত্তিক দাতব্য সংস্থায় দান করেন।