ফুটবলকে বিদায় জানানোর সময়টা কি সত্যিই এসে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর? দীর্ঘদিনের জল্পনার পর এবার সেই প্রশ্নের উত্তর অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন পর্তুগিজ তারকা নিজেই। ৪১ বছর বয়সী রোনালদো জানিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে পেশাদার ফুটবলে তার শেষ বছর।
ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রোনালদো সরাসরিই বলেছেন, ‘সম্ভবত ফুটবলে এটাই আমার শেষ বছর হতে চলেছে। আমি ফুটবলে অনন্যসাধারণ ছাপ রেখে বিদায় নিতে চাই।’
রোনালদোর এমন মন্তব্যে নতুন করে জোরাল হয়েছে তার অবসর নিয়ে আলোচনা। সৌদি ক্লাব আল নাসরের সাথে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে তার। তবে চুক্তির মেয়াদ থাকলেও ক্যারিয়ারের শেষটা তার আগেই টেনে দেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
অবশ্য এখনই এটিকে চূড়ান্ত অবসর ঘোষণা বলা যাচ্ছে না। রোনালদোর বক্তব্যে ‘সম্ভবত’ শব্দটি থাকায় চলতি মৌসুম শেষেই তিনি নিশ্চিতভাবে অবসর নেবেন- এমন ঘোষণা এখনো দেননি।
গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, তিনি আরো এক বা দুই বছর খেলা চালিয়ে যেতে চান। একই সময় তিনি বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ থেকে পর্তুগাল বিদায় নেয়ার পরও নিজের অবসর নিয়ে অবশ্য কোনো চূড়ান্ত ঘোষণা দেননি তিনি।
এবারের সাক্ষাৎকারে শুধু অবসরের সম্ভাবনার কথাই নয়, ফুটবল-পরবর্তী জীবন নিয়েও বিস্তারিত জানিয়েছেন রোনালদো। বলেন, ‘আমার ভবিষ্যতের পুরো রূপরেখা তৈরি করা আছে। নিজেকে ব্যস্ত রাখার মতো এত কাজ আছে যে নির্দিষ্ট করে একটির কথা বলা কঠিন।’
ফুটবল ছাড়ার পর জীবনে যে বড় পরিবর্তন আসবে, সেটিও বুঝতে পারছেন রোনালদো। তার ভাষায়, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে। তাই অবসরের পর নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে চান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রোনালদো বলেন, আরো বেশি ঘুরতে চান। নিজের পছন্দের প্যাডেল খেলা দেখতে ও খেলতে চান। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে পরিবারকে আরো বেশি সময় দেয়া।
দীর্ঘ ক্যারিয়ারের দিকে ফিরে তাকিয়ে রোনালদো বলেন, ‘সবচেয়ে বড় কথা, ২৫ বছরের দীর্ঘ আত্মত্যাগের পর আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই।’
স্পোর্তিং লিসবন দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন রোনালদো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস হয়ে ২০২৩ সালের জানুয়ারি থেকে খেলছেন আল নাসরে।
ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় কেটেছে রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৯ বছরে ৪৩৮ ম্যাচ খেলে করেছেন ৪৫০ গোল- যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ২০২৬ বিশ্বকাপেও পর্তুগালের হয়ে ৩ গোল করেছেন। তবে শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর তার বিশ্বকাপ অধ্যায়েরও ইতি ঘটেছে।
এখন সামনে আল নাসরের হয়ে আরেকটি মৌসুম। এরপরই কি শেষ হবে প্রায় ২৫ বছরের পেশাদার ফুটবলযাত্রা? রোনালদোর নিজের কথাতেই আপাতত উত্তরটা- ‘সম্ভবত এটাই আমার শেষ বছর।’
তবে শেষ সিদ্ধান্ত এখনো জানাননি তিনি। তাই ফুটবলবিশ্বকে অপেক্ষা করতে হবে রোনালদোর সেই চূড়ান্ত ঘোষণার জন্য।



