রোনালদোর ফলো তালিকায় মাত্র ৪ সতীর্থ, বিশ্বকাপের পর জোরালো বিতর্ক

এরপরও এই পরিসংখ্যান পর্তুগাল দলকে ঘিরে নতুন করে আলোচনা উসকে দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো |ফাইল ছবি

তারকায় ঠাসা দল নিয়েও ২০২৬ বিশ্বকাপে হতাশাজনক বিদায় নিয়েছে পর্তুগাল। শেষ ষোলোতেই থেমেছে তাদের পথচলা। স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ক্রিস্টিয়ানো রোনালদোরা।

তবে মাঠের ব্যর্থতার চেয়ে বিশ্বকাপজুড়ে বেশি আলোচনায় ছিল দলের অন্দরের পরিবেশ ও রোনালদোর সাথে কয়েকজন সতীর্থের তিক্ত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। যদিও এসব নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি।

তবে বিশ্বকাপ শেষ হতেই সেই আলোচনা নতুন করে উসকে দিয়েছে একটি পরিসংখ্যান। সেখানে দেখা যায়, ইনস্টাগ্রামে জাতীয় দলের সতীর্থদের অনুসরণ করার তালিকায় সবার নিচে রয়েছেন পর্তুগাল অধিনায়ক রোনালদো।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পরিসংখ্যান ভাইরাল হয়, যেখানে দেখা যায় জাতীয় দলের খেলোয়াড়রা নিজেদের সতীর্থদের মধ্যে কাদের অনুসরণ (ফলো) করেন। বিষয়টি যাচাই করে ব্রাজিলের গণমাধ্যম ‘গ্লোবো’।

এরপর তারা জানায়, পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জন ফুটবলারের মধ্যে রোনালদোকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন মাত্র চারজনকে। তারা হলেন দিওগো দালোত, জোয়াও কান্সেলো, রাফায়েল লেয়াও ও ব্রুনো ফার্নান্দেজ।

তবে রোনালদো আগে থেকেই শুধু এই চারজনকেই অনুসরণ করতেন, নাকি বিশ্বকাপ শেষে অন্যদের আনফলো করেছেন—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভাইরাল হওয়া তালিকায় আরো দেখা যায়, পর্তুগালের অধিকাংশ খেলোয়াড়ই প্রায় পুরো স্কোয়াডকে অনুসরণ করেন। সেই তুলনায় সতীর্থদের ফলো করার সংখ্যায় সবার নিচে রয়েছেন রোনালদো।

অন্যদিকে দলের ঐক্যের ছবিটা সবচেয়ে বেশি ফুটে উঠেছে ব্রুনো ফার্নান্দেজ ও গোলরক্ষক হোসে সার প্রোফাইলে। তারা দুজনই বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জন সতীর্থকেই ইনস্টাগ্রামে অনুসরণ করেন।

তাদের পরেই রয়েছেন নেলসন সেমেদো ও ভিতিনিয়া, যারা অনুসরণ করছেন ২৪ জন সতীর্থকে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে কে কাকে অনুসরণ করেন, তা দিয়ে দলের পরিবেশ নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

এরপরও এই পরিসংখ্যান পর্তুগাল দলকে ঘিরে নতুন করে আলোচনা উসকে দিয়েছে।