সৌদি প্রো লিগে শিরোপা জয়ের আরো কাছে আল নাসর। বুধবার রাতে আল আহলিকে হারিয়ে শিরোপার ঘ্রাণ পাচ্ছে দলটা। এদিকে হাজার গোলের পথে আরো একধাপ এগিয়ে গেছেন রোনালদো।
ঘরের মাঠে আল নাসরের জয় ২-০ গোলে। এই জয়ের মাধ্যমে ক্লাব ইতিহাসে টানা ২০ ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে ক্লাবটি। দারুণ এই রেকর্ড গড়ার পথে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত আল আহলির রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে স্বাগতিকদের। অবশেষে জোয়াও ফেলিক্সের নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত এক হেডে ডেডলক ভাঙেন রোনালদো।
চলতি লিগ মৌসুমে এটি পর্তুগিজ তারকার ২৫তম গোল। আর এই গোলের মাধ্যমে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টানা তিন লিগ মৌসুমে ২৫ বা তার বেশি গোল করার অনন্য কীর্তি গড়লেন রোনালদো।
এর আগে অবশ্য ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত টানা ৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এই মাইলফলক স্পর্শ করেছিলেন রোনালদো।
এদিকে সব মিলিয়ে স্বীকৃত ফুটবলে রোনালদোর গোল হলো এখন ৯৭০টি। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ৩০ গোল চাই তার।
যা হোক, রোনালদোর গোলের পর ৯০ মিনিটে আরেকটি গোল করেন কিংসলে কোমান। তাতেই আল আহলির বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে জেতে স্বাগতিকেরা।
এই জয়ের পর ৩০ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরো শক্ত করল আল নাসর। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল।



