বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানকে হারিয়ে ১৩তমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। এর মধ্য দিয়ে এই পর্যায়ে সবচেয়ে বেশি খেলার রেকর্ড এখন এককভাবে সেলেসাওদের দখলে।
ব্রাজিলের পরেই নতুন মাইলফলক ছোঁয়ার সুযোগ আর্জেন্টিনার সামনে। বর্তমানে শেষ ষোলোতে ওঠার সংখ্যায় স্পেন ও জার্মানির সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে আলবিসেলেস্তেরা।
শনিবার কেপ ভার্দেকে হারাতে পারলে ১১তমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করবে তারা, যা তাদের এককভাবে দ্বিতীয় স্থানে তুলে দেবে।
বিশ্বকাপের ইতিহাসে ১৯৩৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২—এই ১০ আসরে শেষ ষোলোতে খেলেছে আর্জেন্টিনা।
১৯৩৮ সালের বিশ্বকাপে দলটি অংশ নেয়নি। আর ১৯৮২ সালের আগে বর্তমানের মতো শেষ ষোলোর ফরম্যাটও চালু ছিল না।
এবারের আসরে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, কানাডা, ফ্রান্স, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। বাকি তিনটি টিকিটের জন্য লড়াই করছে আর্জেন্টিনা, কেপ ভার্দে, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, মিসর ও ঘানা।



