লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে বার্সেলোনা। এখন যেন কেবল শিরোপা বুঝে নেয়ার অপেক্ষা। সেই অপেক্ষা শেষ হতে পারে আজ, ঘরের মাঠে এল ক্লাসিকো জিতে হয়ে যেতে পারে শিরোপা উদযাপন।
লা লিগায় রোবাবর দিবাগত রাত ১টায় মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের জন্য ম্যাচটা কেবল সম্মান রক্ষার লড়াই হলেও, বার্সার জন্য শিরোপা ঘরে তোলার মোক্ষম উপলক্ষ।
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলেই শিরোপা জয়ের আনন্দে ভাসবে কাতালানরা। ১১ পয়েন্টে এগিয়ে থাকায় এই ম্যাচ জিতলেই হ্যান্সি ফ্লিকের শিষ্যদের শিরোপা নিশ্চিত হবে।
পাশাপাশি মৌসুমে প্রথম এল ক্লাসিকো হারের প্রতিশোধও পূরণ হবে তাদের। তবে শুধু জয় নয়, ড্র করলেও তিন ম্যাচ আগেই ট্রফি উদযাপনের সুযোগ থাকবে স্বাগতিকদের।
এদিকে শিরোপার সুবাসে বার্সেলোনা যতটা উজ্জীবিত, রিয়াল মাদ্রিদ ততটাই বিপর্যস্ত। মাঠের ফুটবলে দৈন্যদশা কাটছে না লস ব্লাঙ্কোজদের। আরো একটা শিরোপাহীন মৌসুম শেষ করতে যাচ্ছে তারা।
এদিকে মাঠের বাহিরেও নানা বিতর্কে সমালোচিত ক্লাবটি। সম্প্রতি দলের দুই তারকা ফেদে ভালভার্দে ও অরেলিন চুয়ামেনির মধ্যকার অপ্রীতিকর ঘটনা যেন রিয়ালের ঐতিহ্যে চপেটাঘাত করেছে।
তবে মাঠের বাইরের বিষয়গুলো পাশে রেখে এগিয়ে যেতে চান কোচ আলভারো আরবেলোয়া। অন্যদিকে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের ভাবনা পুরোপুরি নিজেদের পারফরম্যান্স নিয়েই।
বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, আমি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার কাজ নয়। এসব সারা বিশ্বেই ঘটে। আমি কিছুটা অবাক হয়েছিলাম, কিন্তু আমাকে আমার ক্লাব ও দল নিয়েই ভাবতে হবে।
অন্যদিকে রিয়াল কোচ আরবেলোয়া বলেন, তারা নিজেদের ভুল স্বীকার করেছে, দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। আমার জন্য এটাই যথেষ্ট। তাদের জনসমক্ষে অপমানিত হতে দেবো না, কারণ সেটা তাদের প্রাপ্য নয়। এই দুই ফুটবলারকে সুযোগ দিতে হবে, যাতে তারা অতীত ভুলে ক্লাবের জন্য লড়াই চালিয়ে যেতে পারে।
এদিকে ট্রেনিং সেশনে সেই মারামারির ঘটনায় ইনজুরিতে পড়েছেন ভালভার্দে। ফলে মর্যাদার এই লড়াইয়ে তিনি খেলতে পারবেন না। তবে অনুশীলনে ফিরেছেন অরেলিয়াঁ চুয়ামেনি।
ইনজুরি ও নানা সমালোচনা পাশ কাটিয়ে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পেও। তবে তাকে ম্যাচে পাওয়া নিয়ে এখনো শঙ্কা রয়েছে। হয়তো পুরো ম্যাচে তাকে নাও খেলানো হতে পারে।
উল্লেখ্য, জাভি আলোনসোর অধীনে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবার দেখার বিষয় আরবেলোয়া পারেন কিনা বার্সার শিরোপা উৎসব আটকে দিতে।



