ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা-মুশফিকরা, সামিল হয়েছেন রুডিগারও

ছেলেকে নিয়ে ঈদের জামাতে অংশ নেয়ার একটি মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম। আল্লাহ আমাদের ও আপনাদের (সবার) নেক আমল কবুল করুন। ঈদ মোবারক।’

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

দায়িত্ববোধ যেন তাসকিন-হৃদয়দের নিজের হতে দেয় না। জাতীয় দলের ব্যস্ততা হয়ে দাঁড়ায় বাধা। এমনকি পরিবারের সাথে ঈদটাও করা হয়ে উঠে না। পরিবার ছাড়াই কেটে যায় আনন্দমুখর এই দিন।

তবে এবারের গল্প ভিন্ন। ব্যস্ততা নেই, ছুটি পেয়েছেন সবাই। সবাই আছেন পরিবারের কাছে, প্রিয় মানুষদের সাথে। কেউ হয়তো চেনা শহর ঢাকাতেই আছেন, কেউ ফিরেছেন প্রিয় নীড়ে।

তবে যে যেখানে আছেন, সেখান থেকেই আজ শনিবার দর্শক-সমর্থকদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌহার্দ্য বিনিময় করছেন ক্রিকেটার-ফুটবলারাসহ ক্রীড়াঙ্গণের তারকারা।

এছাড়া ইউরোপীয় ফুটবল ক্লান ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি ঈদের শুভেচ্ছা জানিয়েছে। এছাড়া ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নিজের গ্রামের বাড়ি বগুড়াতে ঈদ উদযাপন করছেন তরুণ টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। সেখান থেকে একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তিনি লিখেন, ‘ঈদ হোক নিরাপদ, ঈদ হোক প্রশান্তির। মহান আল্লাহর কাছে প্রার্থনা, পৃথিবীর প্রতিটি মুসলিম ভাই-বোনের অন্তরে বয়ে যাক মানুষিক শান্তি। ঈদ মোবারক।’

বাবা ও সন্তানের সাথে ফেসবুকে ঈদের ছবি আপলোড করে তাসকিন আহমেদ লিখেন, ‘আসসালামু আলাইকুম, ঈদ মোবারক টু এভরিওয়ান।’

তামিম ইকবাল এক ফেসবুকে পোস্টে লিখেন, ‘ঈদ মোবারক। এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’

ভিন্নধর্মালম্বী হলেও ঈদের আনন্দ ছুঁয়েছে লিটন দাসকেও। তিনি লিখেন, ‘শান্তির ছোঁয়ায় ভরে উঠুক জীবন। ঈদ মোবারক।'

রাজনৈতিক পালাবদলের পর অনেকটাই আড়ালে রয়েছেন মাশরাফী বিন মর্ত্তুজা। তবে ঈদের উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে ভিন্নধর্মী এক বার্তা দিয়েছেন তিনি। লিখেন, ‘মনে রাখা এবং ভুলে যাওয়া সবাইকে জানাই ঈদ মোবারক।’

যুক্তরাষ্ট্র থেকেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি লিখেন, ‘আপনার দিনটি আনন্দ, ভালোবাসা আর সুস্বাদু খাবারের প্রাচুর্যে ভরে উঠুক। এই বিশেষ দিনটি হোক আপনার মতোই সুন্দর ও উজ্জ্বল।’

এদিকে ছেলেকে নিয়ে ঈদের জামাতে অংশ নেয়ার একটি মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম। আল্লাহ আমাদের ও আপনাদের (সবার) নেক আমল কবুল করুন। ঈদ মোবারক।’

মাহমুদউল্লাহ রিয়াদও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ঈদ মোবারক।’

পারভেজ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ঈদ মোবারক- প্রার্থনা করি সুখ, সমৃদ্ধি আর হাসিতে ভরে থাকুক প্রতিটি ঘর।’

এদিকে সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি হামজা চৌধুরী। এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও।

অন্যদিকে ঈদ উৎসবে সামিল হয়েছেন রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। তিনি লিখেন, ‘যারা ঈদ উদযাপন করছেন, সবাইকে ঈদ মোবারক!’

‘এই বিশেষ দিনটি সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। ভালোবাসা আর কৃতজ্ঞতার সাথে আমরা সবাই মিলে ঈদ উদযাপন করি। সবার জন্য রইল বরকতময় ঈদের শুভেচ্ছা।’