হামজাকে ছাড়াই জাতীয় দলের ক্যাম্প শুরু

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। প্রধান কোচ থমাস ডুলির ডাকে প্রাথমিকভাবে জায়গা পেয়েছেন ২৮ ফুটবলার।

ক্রীড়া প্রতিবেদক
হামজাকে ছাড়াই জাতীয় দলের ক্যাম্প শুরু
হামজাকে ছাড়াই জাতীয় দলের ক্যাম্প শুরু |নয়া দিগন্ত

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। প্রধান কোচ থমাস ডুলির ডাকে প্রাথমিকভাবে জায়গা পেয়েছেন ২৮ ফুটবলার। তবে সেই তালিকায় নেই হামজা চৌধুরী।

কেবল হামজা নয়, সামিত সোম, তারিক কাজী, ফাহমিদুলসহ কোনো প্রবাসী ফুটবলারের নাম নেই এই তালিকায়। তবে তালিকায় নাম না থাকলেও সেটিকে দল থেকে বাদ পড়া হিসেবে দেখছে না বাফুফে।

সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, ইচ্ছে করেই প্রাথমিক তালিকায় কোনো প্রবাসী ফুটবলারকে রাখা হয়নি। যাদের প্রয়োজন হবে, তারা নিজেদের সুযোগ-সুবিধা অনুযায়ী দলের সাথে যোগ দেবেন। অর্থাৎ জাতীয় দলের দরজা খোলাই থাকছে তাদের জন্য।

বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে রিপোর্ট করতে বলা হয়েছে ডাক পাওয়া ফুটবলারদের। আসিয়ান কাপের প্রস্তুতির জন্য ২৭ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছাড় দিতে সংশ্লিষ্ট ক্লাবগুলোকেও অনুরোধ করেছে বাফুফে।

আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস আগে ক্যাম্প শুরু করে নিজেদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে বাংলাদেশ। এখন দেখার বিষয়, ডুলির অধীনে নতুন পরিকল্পনায় দল কতটা গুছিয়ে উঠতে পারে।

ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ফুটবলার:

মিতুল মারমা, আনিসুর রহমান জিকো, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা-২, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, কাজেম কিরমানি, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান মানিক, শাহরিয়ার ইমন, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।