আর্সেনালের স্বপ্নভঙ্গ, রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

প্রধান কোচ হোসে মরিনহো ভিনিসিয়াসকে নিজের প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছেন। দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি ব্রাজিলিয়ান তারকাকে দলের আক্রমণভাগের কেন্দ্রীয় শক্তি হিসেবে বিবেচনা করছেন। তাই আসন্ন মৌসুমের পরিকল্পনায় ভিনিসিয়াসের বিদায়ের কোনো সুযোগই রাখছে না রিয়াল।

নয়া দিগন্ত অনলাইন
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র |ইন্টারনেট

আর্সেনালের জোরালো আগ্রহ ও দলবদলের নানা গুঞ্জন উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদেই থাকছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ ক্লাবটি পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো পরিস্থিতিতেই তারা এই ফরোয়ার্ডকে ছাড়ার কথা ভাবছে না। বরং নতুন চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদে তাকে সান্তিয়াগো বার্নাব্যুতেই ধরে রাখতে চায়।

স্কাই স্পোর্টস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধান কোচ হোসে মরিনহো ভিনিসিয়াসকে নিজের প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছেন। দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি ব্রাজিলিয়ান তারকাকে দলের আক্রমণভাগের কেন্দ্রীয় শক্তি হিসেবে বিবেচনা করছেন। তাই আসন্ন মৌসুমের পরিকল্পনায় ভিনিসিয়াসের বিদায়ের কোনো সুযোগই রাখছে না রিয়াল।

এদিকে, মিকেল আর্তেতার আর্সেনাল ভিনিসিয়াসকে দলে টানার সম্ভাবনা খতিয়ে দেখছিল। চুক্তির মেয়াদ শেষের দিকে হওয়ায় উত্তর লন্ডনের ক্লাবটি সুযোগ নিতে চাইলেও রিয়ালের দৃঢ় অবস্থানের কারণে সেই সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে।

রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই ভিনিসিয়াসের প্রতিনিধিদের সাথে নতুন চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে। চলতি সপ্তাহেই দুই পক্ষের মধ্যে আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও ব্যক্তিগতভাবে বিষয়টি দেখছেন ও কোনোভাবেই এই তারকাকে ফ্রি অ্যাজেন্ট হিসেবে হারানোর ঝুঁকি নিতে চান না।

সম্প্রতি রিয়ালের অন্য দলবদল পরিকল্পনাকে কেন্দ্র করে আর্সেনালের আগ্রহ আরো জোরালো হয়েছিল। ইউরোপ ও ইংলিশ ফুটবলে শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকতে বিশ্বমানের একজন ম্যাচ উইনারকে দলে ভেড়াতে চেয়েছিলেন আর্তেতা। তবে সেই পরিকল্পনা এখন কার্যত থমকে গেছে।

যদিও গত কয়েক মাসে ভিনিসিয়াসকে ঘিরে বেতন, চুক্তি নবায়ন ও সম্ভাব্য দলবদল নিয়ে নানা আলোচনা হয়েছে, তবুও তিনি রিয়াল ছাড়তে চান- এমন কোনো নির্ভরযোগ্য তথ্য সামনে আসেনি। বরং নতুন কোচের অধীনে তাকে ঘিরেই ভবিষ্যতের দল গড়ার পরিকল্পনা করছে লস ব্লাঙ্কোসরা।

সব মিলিয়ে, ভিনিসিয়াসকে ধরে রাখার লড়াইয়ে আপাতত সফল রিয়াল মাদ্রিদ। আর আর্সেনালকে এখন বড় তারকা খোঁজার জন্য বিকল্প পথেই হাঁটতে হবে।