আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমারের বিদায়

বিশ্বকাপের মঞ্চ থেকে আবারো হতাশার বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ব্রাজিল। আর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার।

নয়া দিগন্ত অনলাইন
অবসরের ঘোষণা দিলেন নেইমার
অবসরের ঘোষণা দিলেন নেইমার |নয়া দিগন্ত

বিশ্বকাপ শুরুর আগেই গুঞ্জন ছিল টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন নেইমার জুনিয়র। কিন্তু টুর্নামেন্ট যে এতো আগেই শেষ হয়ে যাবে—ভাবেনি কেউ।

বিশ্বকাপের মঞ্চ থেকে আবারো হতাশার বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ব্রাজিল। আর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার।

১৬ বছর আগে মেটলাইফ স্টেডিয়ামেই যাত্রা শুরু হয়েছিল তার। ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল এখানেই। রোববার রাতে যেন সম্পূর্ণ হলো একটা বৃত্ত। যেখান থেকে শুরু হয়েছিল পথচলা, সেখানেই থামলেন তিনি।

সরাসরি অবসরের কথা না জানালেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের নেইমারের অবসরের দাবি করেছেন ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার পোস্টে লেখেন- ‘ব্রেকিং : নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নিয়েছেন।’ এরপর নেইমারের বক্তব্যও যোগ করেন তিনি—‘আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।’

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করলেন। ১২৯ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮০।

২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর নেইমার চারটি বিশ্বকাপে খেলেছেন। পাশাপাশি দু’টি অলিম্পিকেও অংশ নেন। ২০১২ সালে রৌপ্য ও ২০১৬ সালে ব্রাজিলকে ঐতিহাসিক স্বর্ণপদক জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০২৬ বিশ্বকাপে তিনি দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত সময় খেলার পর নরওয়ের বিপক্ষে ইনজুরি সময়ে পেনাল্টি থেকে নিজের একমাত্র গোলটি করেন।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯-এ। ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে করা আগের আট গোলের সাথে যুক্ত হলো এই শেষ গোলটি।

তবে গত ২০২৩ সাল থেকেই চোটের কারণে জাতীয় দলের বাহিরে ছিলেন তিনি। বিশ্বকাপে দলে ফিরলেও একাদশে জায়গা পাননি কোনো ম্যাচেই। দুই ম্যাচে মাঠে নামলেও খেলেছেন বদলি হিসেবে।