বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

‘তাদের এই অসামান্য অর্জন দেশের ফুটবলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে।’

নয়া দিগন্ত অনলাইন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক |সংগৃহীত

মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৪ মার্চ) পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলার যুবারা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে আমাদের এই দাপুটে জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। বিশেষ করে রোনান সুলিভান তার অভিষেক ম্যাচেই জোড়া গোল করে যে নৈপুণ্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।’

তিনি আরো বলেন, ‘এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের ফুটবলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে।’

ভবিষ্যতে তারা আরো ভালো করবে এবং দেশের জন্য আরো গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আমিনুল হক দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে জয়ের ধারা বজায় রাখার জন্য শুভকামনা ব্যক্ত করেন।

সূত্র : বাসস