গোল্টেন বুটের দৌড়ে এগিয়ে গেলেন মেসি

টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে গোল্ডেন বুটের দৌড়ে আপাতত সবচেয়ে এগিয়ে মেসিই। সেই সাথে তার নামের পাশে থাকা দু’টি অ্যাসিস্ট তাকে এগিয়ে দিচ্ছে অন্যদের থেকে।

নয়া দিগন্ত অনলাইন
লিওনেল মেসিকে নিয়ে দলের উদযাপন
লিওনেল মেসিকে নিয়ে দলের উদযাপন |ইন্টারনেট

বিশ্বকাপ যত শেষের দিকে এগোচ্ছে, ততোই জমে উঠছে গোল্ডেন বুটের লড়াই। দলগত শিরোপার পাশাপাশি ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের লড়াইয়েও এখন চোখ সবার। যেখানে এখন সবচেয়ে এগিয়ে লিওনেল মেসি।

মিসরের বিপক্ষে মাঠে নামার আগে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনজন শীর্ষে একই কাতারে। সমান ৭ গোল করে নিয়ে মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড ছিলেন শীর্ষে। তবে দুই অ্যাসিস্ট নিয়ে এগিয়ে ছিলেন এমবাপ্পে।

তবে শেষ ষোলোয় মিসরের বিপক্ষে গোল করে ও করিয়ে কোয়ার্টার ফাইনালের আগে সবার চেয়ে এগিয়ে গেছেন মেসি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

মেসি এখন পর্যন্ত ৫ ম্যাচে করেছেন ৮ গোল। নকআউট পর্বে মিসরের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ে একটি গোল করে নিজের সংগ্রহ বাড়িয়েছেন তিনি।

এর আগে, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে একটি এবং কেপ ভার্দের বিপক্ষে একটি গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে গোল্ডেন বুটের দৌড়ে আপাতত সবচেয়ে এগিয়ে তিনিই। সেই সাথে তার নামের পাশে থাকা দু’টি অ্যাসিস্ট তাকে এগিয়ে দিচ্ছে অন্যদের থেকে।

তবে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও আছেন দুর্দান্ত ছন্দে। তিনিও সমান সংখ্যক ম্যাচে এখন পর্যন্ত ৭ গোল করেছেন। সেনেগাল, ইরাক ও সুইডেনের বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি প্যারাগুয়ের বিপক্ষে করেন ১ গোল।

ফরাসি এই ফরোয়ার্ডের গতি, ফিনিশিং এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেয়ার ক্ষমতা তাকে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার করে তুলেছে। তারও আছে জোড়া অ্যাসিস্টের কীর্তি।

একই সংখ্যক ৭ গোল নিয়ে তালিকার শীর্ষ সারিতেই রয়েছেন নরওয়ের আরলিং হালান্ড। ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়ে জোড়া গোল করে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন।

বিশ্বকাপের অভিষেক আসরেই দুর্দান্ত গোল করার ক্ষমতা দেখিয়ে হালান্ড প্রমাণ করেছেন, বড় মঞ্চেও তিনি সমান ভয়ঙ্কর। যদিও তার নামের পাশে কোনো অ্যাসিস্ট নেই। তবে দল শেষ আটে উঠায় এখনো দারুণ কিছু করার সুযোগ আছে তার সামনে।

অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও রয়েছেন আলোচনায়। ৬ গোল নিয়ে তিনি আছেন চতুর্থ স্থানে। নকআউট পর্বে আরো কয়েকটি গোল করতে পারলে তিনিও শীর্ষ তিনজনকে টপকে যাওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, বিশ্বকাপ শেষে যে খেলোয়াড় সর্বোচ্চ গোল করবেন, তিনিই জিতবেন গোল্ডেন বুট। তবে দুই বা ততোধিক ফুটবলারের গোলসংখ্যা সমান হলে বিবেচনা করা হবে কে কতটি অ্যাসিস্ট করেছেন।