ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

‘এবার এই হার বাতিল করে দেখাও’

বিতর্কের সূচনা হয়েছিল শেষ বত্রিশের ম্যাচে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন। ফিফার নিয়ম অনুযায়ী, তার পরের ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগের দিন নাটকীয়ভাবে সেই এক ম্যাচের নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করে ফিফা। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান, তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
বেলজিয়াম ফুটবল দলের উদযাপন
বেলজিয়াম ফুটবল দলের উদযাপন |ইন্টারনেট

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ম্যাচের আগে ও পরে ঘটে যাওয়া বিতর্ক।

ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাব বেলজিয়াম দিয়েছে মাঠের খেলায় আর ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি খোঁচা ছুড়েছে ফিফা ও মার্কিন প্রশাসনের দিকে।

বিতর্কের সূচনা হয়েছিল শেষ বত্রিশের ম্যাচে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন। ফিফার নিয়ম অনুযায়ী, তার পরের ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগের দিন নাটকীয়ভাবে সেই এক ম্যাচের নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করে ফিফা। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান, তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন।

এরপরই বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। যদিও ইনফান্তিনো দাবি করেন, ফিফার বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে। ডিসিপ্লিনারি কমিটিও জানায়, বিশেষ পরিস্থিতিতে এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার ক্ষমতা তাদের রয়েছে।

তবে এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় ফুটবল অঙ্গনে। বেলজিয়াম ফুটবল ফেডারেশন ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বালোগুনের খেলার যোগ্যতা নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানালেও তা খারিজ হয়ে যায়। উয়েফাও টুর্নামেন্ট চলাকালীন এমন সিদ্ধান্তের সমালোচনা করে।

তবে মাঠে বিতর্কের কোনো প্রভাবই পড়তে দেয়নি বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের জোড়া গোলের পর হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর একটি করে গোলে স্বাগতিকদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় তারা।

ম্যাচ শেষ হতেই শুরু হয় নতুন বিতর্ক। বেলজিয়ামের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোমেলু লুকাকুর গোল উদযাপনের একটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে ছিল, এবার এই হার বাতিল করে দেখাও!

অনেকের মতে, এটি ছিল ফিফার বিতর্কিত সিদ্ধান্ত এবং ট্রাম্পের হস্তক্ষেপের প্রতি সরাসরি ব্যঙ্গ। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, মাঠেও দেখা যায় প্রতীকী বার্তা।

চতুর্থ গোলের পর বেলজিয়ামের কয়েকজন খেলোয়াড় ২০২৪ সালের মার্কিন নির্বাচনী প্রচারণায় আলোচিত ট্রাম্পের স্বাক্ষর নাচ বা ‘ট্রাম্প ড্যান্স’ অনুকরণ করে উদযাপন করেন।

এই ঘটনাকে ঘিরে ফুটবল বিশ্বে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।