পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরে উচ্ছ্বসিত নেইমার

হেক্সা মিশনে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর সবশেষ ম্যাচে হাইতিকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে মরক্কোর সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে কার্লো আনচেলত্তির দল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেও নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের নকআউট পর্বের টিকিট।

নয়া দিগন্ত অনলাইন

ব্রাজিল শিবিরে অবশেষে স্বস্তির হাওয়া। বিশ্বকাপের জন্য প্রথমবারের মতো পুরো পূর্ণাঙ্গ সেশন অনুশীলন করেছেন নেইমার জুনিয়র। অনুশীলনে ফিরেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রাজিলের পোস্টার বয়।

ডান পায়ের কাফের চোটের কারণে চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচেই মাঠের বাইরে থাকতে হয়েছিল নেইমারকে। ফ্লোরিডায় বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে সান্তোসের এই ফরোয়ার্ডকে মাঠে দেখা যেতে পারে।

গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেয়ার পর এই প্রথম পুরো দলের সাথে অনুশীলন করতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৪ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘ধন্যবাদ, ঈশ্বর। আমি ভীষণ আনন্দিত!!!’

নেইমারের পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া নিয়ে দলের মিডফিল্ডার লুকাস পাকেতা বলেন, ‘ওকে (নেইমার) দলে ফিরে পেয়ে, আমাদের সাথে অনুশীলনে এবং মাঠে দেখে আমরা সবাই ভীষণ আনন্দিত। জাতীয় দলের জন্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়; এখানে ওর দারুণ এক ইতিহাস রয়েছে এবং এখনো ও আমাদের অনেক সাহায্য করতে পারে। ও ফিরে আসায় আমরা খুশি এবং আশা করি যত দ্রুত সম্ভব মাঠে নেমে ও আমাদের সাহায্য করবে।’

ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা নেইমার। সেলেসাওদের হয়ে ১২৯ ম্যাচে ম্যাচে করেছেন ৭৯ গোল। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলেছেন নেইমার। এবার নিজের চতুর্থ বিশ্বকাপ খেলছেন নেইমার।

এটিই বিশ্বমঞ্চে নেইমারের শেষ সুযোগ কি না—এমন প্রশ্নের জবাবে পাকেতা বলেন, ‘আমি মনে করি হ্যাঁ... খেলোয়াড় হিসেবে আমাদের জার্সিতে পাঁচটি তারকা থাকাটা যেমন গর্বের, তেমনি সবার স্বপ্নকে প্রতিনিধিত্ব করাটাও গর্বের। আপনার মতো আমরাও সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে চাই। আর এই স্বপ্নকে সত্যি করতে আমরা আমাদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।‘

হেক্সা মিশনে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর সবশেষ ম্যাচে হাইতিকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে মরক্কোর সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে কার্লো আনচেলত্তির দল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেও নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের নকআউট পর্বের টিকিট।