পিরলোর কোচিং পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মালদিনি ও লিওনার্দো পদত্যাগ

একটি রাশিয়ান বেটিং কোম্পানির সাথে পিরলোর বাণিজ্যিক সম্পর্কের কারণে তার সম্ভাব্য নিয়োগ তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছিল। এরই জেরে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মালদিনি ও লিওনার্দো।

নয়া দিগন্ত অনলাইন
পাওলো মালদিনি এবং লিওনার্দো
পাওলো মালদিনি এবং লিওনার্দো |সংগৃহীত

পাওলো মালদিনি এবং লিওনার্দো ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি) থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার স্কাই স্পোর্ট ইতালিয়া এ খবর জানিয়েছে।

জাতীয় দলের ব্যবস্থাপনায় বড় ধরনের রদবদলের অংশ হিসেবে মালদিনি এবং লিওনার্দো দায়িত্ব নেন। কিন্তু তার ১৬ দিনের মাথায় তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

টানা তৃতীয় বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলকে পুনর্গঠনের জন্য ১১ জুলাই মালদিনিকে এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়। তার প্রথম কাজগুলোর মধ্যে একটি ছিল নতুন কোচ খুঁজে বের করা।

তবে মাত্র ১৬ দিন পরেই মালদিনি পদত্যাগ করেন এবং তার সাথে পদত্যাগ করেন ব্রাজিলের সাবেক খেলোয়াড় লিওনার্দোও। তাকে উপদেষ্টা হিসেবে আনা হয়েছিল।

ইতালির সাবেক ফুটবলার আন্দ্রেয়া পিরলোর জাতীয় দলের কোচ হওয়ার প্রার্থী নন বলে ঘোষণা দেয়ার পর মালদিনি ও লিওনার্দোর পদত্যাগের সিদ্ধান্ত নেন। একটি রাশিয়ান বেটিং কোম্পানির সাথে পিরলোর বাণিজ্যিক সম্পর্কের কারণে তার সম্ভাব্য নিয়োগ তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছিল।

এই পদত্যাগ নবনিযুক্ত এফআইজিসি সভাপতি জিওভান্নি মালাগোর জন্য সঙ্কট তৈরি করেছে। এর ফলে ফেডারেশনটি প্রায় ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। গত মৌসুমে ইতালীয় ক্লাবগুলোর ইউরোপীয় প্রতিযোগিতা থেকে দ্রুত বিদায় এবং বিশ্বকাপে যোগ্যতা অর্জনে আরো একটি ব্যর্থতার পরপরই ঘটল।

পেপ গুয়ার্দিওলা ফেডারেশনের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করার পর, এই পদের জন্য পিরলোই ছিলেন মালদিনির প্রধান পছন্দ। এখন রবার্তো মানচিনি, থিয়াগো মোত্তা এবং আন্তোনিও কোন্তেসহ আরো বেশ কয়েকজন নামকরা ম্যানেজারের নাম এই শূন্য পদের সাথে যুক্ত হচ্ছে।

সূত্র: রয়টার্স