বার্সেলোনার তারকা মিডফিল্ডার ফারমিন লোপেজ চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত করার বিষয়ে সম্মত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে বার্সেলোনা লা মাসিয়া অ্যাকাডেমির ২২ বছর বয়সী এই ফুটবলারের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিতে স্বাক্ষর করা হবে বলেও জানানো হয়। এর মাধ্যমে কাতালান ক্লাবটি প্রথম একাদশের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ভবিষ্যৎ নিশ্চিত করল।
২০২৩-২৪ মৌসুমে অভিষেকের পর থেকেই পরিশ্রমী আক্রমণভাগের মিডফিল্ডার লোপেজ বার্সেলোনার স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। এ পর্যন্ত ১১৩ ম্যাচ খেলে ২৯ গোল করেছেন এই মিডফিল্ডার।
স্পেন জাতীয় দলেরও নিয়মিত সদস্য ফারমিন লোপেজ। ইউরো ২০২৪ জয়ী দলেরও অংশ ছিলেন তিনি।
গত এক বছরে যেসব গুরুত্বপূর্ণ খেলোয়াড় বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন— লামিন ইয়ামাল, রাফিনহা, গাভি, পেড্রি ও পও কুবার্সি। এবার এবার সেই তালিকায় যুক্ত হলেন লোপেজ।
সূত্র : বাসস



