মানসম্মত স্ট্রাইকারের সঙ্কট বাংলাদেশ ফুটবলে বহু আগে থেকেই। ফিনিশিংয়ের দুর্বলতায় লাল-সবুজের দল কতো ম্যাচ যে হেরেছে, তার ইয়ত্তা নেই। তবে এবার সেই সঙ্কট শেষ হবার পথে। বাংলাদেশে আসছেন ট্রেভর ইসলাম। লাল- সবুজের জার্সিতে খেলতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফেসহ সভাপতি ফাহাদ করিম।
শুক্রবার (১৭ এপ্রিল) ফাহাদ করিম নিজের সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে জানান, ট্রেভরের পুরোপুরি বাংলাদেশী হতে আর খুব বেশি দেরি নেই। তিনি নিজেই আগ্রহী বাংলাদেশের হয়ে খেলতে।
তিনি জানান, ট্রেভর নিজেই লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে অত্যন্ত আগ্রহী। বলেন, ‘ট্রেভর নিজেই ইচ্ছা করেছে বাংলাদেশের হয়ে খেলার জন্য এবং অনুরোধ করেছে, ফুটবল ফেডারেশন তাকে তার পুরো ডকুমেন্টেশনে সাহায্য করতে পারবে কিনা।’
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই দেশের ফুটবল পাড়ায় শোনা যাচ্ছিল ট্রেভর ইসলামের নাম। তবে বিস্তারিত কিছু জানা যাচ্ছিলো না। অবশেষে বাফুফে জানালো ট্রেভরকে নিয়ে তাদের পরিকল্পনা।
জানা গেছে ২০০৪ সালে জন্ম ট্রেভরের, আর বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। তবে তার দাদা বাংলাদেশী ছিলেন, সেই সূত্রেই তার শরীরে বইছে এ দেশের রক্ত।
যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন ট্রেভর। সেই সাথে ইউনিভার্সিটির ফুটবল দল স্ট্যানফোর্ড কার্ডিনালের হয়ে খেলছেন।
যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এনসিএএ ডিভিশন-১ লিগে নিয়মিত খেলছেন ট্রেভর। গত বছর আটলান্টিক কোস্ট কনফারেন্সের কো-অফেন্সিভ প্লেয়ার অফ দ্য উইক নির্বাচিত হয়েছিলেন তিনি।
স্ট্যানফোর্ডের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নিয়মিত গোলের রেকর্ড আছে তার। ডি বক্সের ভেতরে গোল করার দক্ষতার কারণে তাকে সতীর্থরা আদর করে ডাকেন ‘ফক্স ইন দ্য বক্স’।
এ সব কারণেই ট্রেভরকে ঘিরে জাতীয় দলে গোল খড়া কাটানোর স্বপ্ন দেখছেন অনেক ভক্ত। তবে তার জন্য খানিকটা অপেক্ষা করতে হবে। কেননা পড়াশোনা ও এনসিএএ লিগের প্রতি দায়বদ্ধতার কারণে এ বছর তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তবে সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের শুরু থেকেই ট্রেভর ইসলামকে নিয়মিত বাংলাদেশের জার্সিতে দেখা যাবে বলে নিশ্চিত হওয়া গেছে।



